বাগমারায় তালগাছে বিষ

৪ লাখ টাকা খরচা দিতে হবে সেই আ.লীগ নেতাকে

আপডেট : ১৯ মে ২০২৩, ০৫:৪৪ এএম

রাজশাহীর বাগমারায় সড়কের পাশে থাকা ৫০টি তালগাছে বিষ প্রয়োগের ঘটনায় অভিযুক্ত স্থানীয় শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি শাহরিয়ার আলমকে ৪ লাখ টাকা খরচা দিতে আদেশ দিয়েছে উচ্চ আদালত। একই সঙ্গে স্থানীয় একটি মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মরত এ ব্যক্তিকে চাকরিচ্যুত করারও নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে দেওয়া রুল নিষ্পত্তি করে এ রায় দেয়।

এ টাকা দিয়ে নতুন করে তালগাছ রোপণ ও কীটনাশকে ক্ষতিগ্রস্ত গাছগুলো পরিচর্যা করতে হবে। একই সঙ্গে এ ঘটনায় তার বিরুদ্ধে হওয়া ফৌজদারি মামলার কার্যক্রম চলবে। আর ৩০ দিনের মধ্যে মাদ্রাসা কর্তৃপক্ষকে তাকে চাকরিচ্যুতির বিষয়ে ব্যবস্থা নিতে বলেছেন হাইকোর্ট।

গত ৩১ জানুয়ারি একটি জাতীয় দৈনিকে ‘৫০ তালগাছে কীটনাশক : দোষীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ কেন নয়’ শিরোনামে একটি সম্পাদকীয় ছাপা হয়। এতে বলা হয়, বাগমারা উপজেলার বাইগাছা এলাকায় গাছগুলো মারতে এর বাকল তুলে সেখানে কীটনাশক প্রয়োগ করেন শাহরিয়ার আলম। তালগাছের ছায়ার কারণে তার আমগাছের বেড়ে ওঠার সমস্যা হচ্ছিল বলে এ কা- ঘটান তিনি। বিষয়টি আমলে নিয়ে গত ১ ফেব্রুয়ারি স্বতঃপ্রণোদিত এক আদেশে শাহরিয়ার আলমকে ১২ ফেব্রুয়ারি হাজির হতে তলব করে রুল দেয় হাইকোর্ট। এর ধারাবাহিকতায় ওই দিন তিনি হাইকোর্টে হাজির হন। আদালত তার ব্যাখ্যায় অসন্তোষ প্রকাশ করে আদালতের কর্মকালীন সময়ে দাঁড়িয়ে থাকার নির্দেশ দেয়। এর ধারাবাহিকতায় গতকাল শুনানি শেষে এ রায় আসে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত