প্রবাসীদের ভোটার করতে ইসির দুই টিম দুবাইয়ে

আপডেট : ১৯ মে ২০২৩, ০৫:৫৮ এএম

সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে দুবাইয়ে গিয়েছে নির্বাচন কমিশনের প্রতিনিধিদল।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকা ছেড়েছে নির্বাচন কমিশনের দুটি টেকনিক্যাল টিম। ১২ সদস্যের এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন আইডেনটিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সি একসেস টু সার্ভিসেস (আইডিইএ) প্রকল্প (দ্বিতীয় পর্যায়) আইটি পরিচালক স্কোয়াড্রন লিডার সাদ ওয়ায়েজ তানভীর। আগামী ১ জুন ভোটার নিবন্ধন প্রক্রিয়ার প্রশিক্ষণ ও নিবন্ধন কার্যক্রম পরিচালনা শেষে উভয় দলের দেশে ফেরার কথা রয়েছে।

গতকাল প্রকল্পটির কমিউনিকেশন শাখার উপ-প্রকল্প পরিচালক শাহরিয়ার আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে ২০১৯ সালের ৫ নভেম্বরে কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন কমিশন মালয়েশিয়ায় অনলাইন নিবন্ধনের কার্যক্রম শুরু করেন। কিন্তু এরপর করোনা মহামারীর কারণে সেই উদ্যোগ খুব বেশি দূর এগোতে পারেনি। পরে বর্তমান কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন বর্তমান কমিশন এ কাজে গতি আনার চেষ্টা করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এই কার্যক্রম শুরু হবে। দেশটির দুবাই ও আবুধাবি শহরে দুই ভাগে ভাগ হয়ে প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করবে নির্বাচন কমিশনের এই বিশেষ প্রতিনিধিদল।

রোহিঙ্গা জনগোষ্ঠীর কথা বিবেচনায় নিয়ে প্রবাসে নিবন্ধনের পর আবেদনগুলো দেশে আবার যাচাই-বাছাই করা হবে। অনুমোদিত আবেদনকারীদের প্রবাসেই স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে। আর সংযুক্ত আরব আমিরাতে এ কার্যক্রমের অভিজ্ঞতা নিয়ে পর্যায়ক্রমে রেমিট্যান্সপ্রবাহের আধিক্য বিবেচনায় বাংলাদেশি শ্রমিক অধ্যুষিত দেশগুলোতেও এ-সংক্রান্ত কার্যক্রম চালু করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত