চিকিৎসার জন্য ঢাকায় সড়কে লাশ হলেন বৃদ্ধা

আপডেট : ২১ মে ২০২৩, ১২:৫৩ এএম

চিকিৎসার জন্য গ্রাম থেকে ঢাকায় এসে লাশ হয়েছেন ফরিদা বানু (৬০) নামে এক বৃদ্ধা। রাজধানীর খিলগাঁও মৌলভীরটেক এলাকায় রিকশা থেকে পড়ে পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মারা যান তিনি।

গতকাল শনিবার বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দুপুর সাড়ে ১২টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফরিদার বাড়ি শরিয়তপুরের গোসাইরহাট উপজেলায়। তার স্বামীর নাম জামাল হাওলাদার।

হাসপাতালে সেলিনা বেগম নামে এক নারী জানান, ফরিদা বানু তার মামি হন। দীর্ঘ কয়েক মাস ধরে পায়ের ব্যাথায় ভুগছিলেন ফরিদা বানু। তাকে ঢাকায় নিয়ে এসে চিকিৎসা করানোর জন্য বারবার অনুরোধ করছিলেন। সেজন্য গত শুক্রবার সেলিনা বেগম তাকে ঢাকায় নিয়ে আসেন। খিলগাঁও নবীনবাগে সেলিনার এক বোনের বাসায় ওঠেন। চিকিৎসা নিতে শনিবার সকালে তারা দুজন যান ফরাজি হাসপাতালে। সেখানে সিরিয়াল দেওয়ার পর তাদের বলা হয় রাত সাড়ে ৮টায় আসতে। এরপর একটি অটোরিকশায় নবীনবাগে আত্মীয়ের বাসায় ফিরছিলেন। বাসার অদূরে নবীনবাগ ও মৌলভীরটেক এলাকার মাঝামাঝি রাস্তায় তাদের রিকশাটিকে পেছন থেকে আরেকটি রিকশা ধাক্কা দেয়। এতে রিকশার ডানপাশে বসে থাকা ফরিদা বানু ছিটকে রাস্তার মধ্যে পড়ে যান। তখন বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তার ওপর দিয়ে চলে যায়।

আবু রায়হান সরদার নামে এক পথচারী জানান, নবীনবাগ ও মৌলভীরটেক এলাকার মাঝামাঝি রাস্তায় এই ঘটনা ঘটেছে। অটোরিকশা থেকে পড়ে যাওয়ার পর গ্যাস সিলিন্ডারবাহী একটি পিকআপ ভ্যান তার ওপর দিয়ে উঠে যায় বলে শুনতে পেরেছেন তিনি। মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে স্থানীয় বেটার লাইফ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি দেখে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়েছে।

গোপালগঞ্জে ট্রাক কেড়ে নিল ঘুমন্ত বৃদ্ধের প্রাণ : গোপালগঞ্জে ট্রাকচাপায় ঘুমন্ত শশী ভূষণ বাড়ৈ (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কোটালীপাড়া উপজেলার কোটালীপাড়া-রাজৈর সড়কের ছিকটিবাড়ী নামক স্থানে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।

কোটালীপাড়া থানার ওসি মো. জিল্লুর রহমান বলেন, কোটালীপাড়া থেকে গাছভর্তি একটি নছিমন রাধাগঞ্জ যাচ্ছিল। আর ধানভর্তি একটি ট্রাক পীড়ারবাড়ী থেকে কোটালীপাড়া আসছিল। যানবাহন দুটি ছিকটিবাড়িতে একে অপরকে সাইড দিতে গেলে ধানভর্তি ট্রাকটি রাস্তার পার্শ্ববর্তী একটি ঘরের ওপর গিয়ে পড়ে। ওই ঘরে বৃদ্ধ শশী ভূষণ বাড়ৈ ঘুমাচ্ছিলেন।

খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট, পুলিশ ও স্থানীয়রা ভোরের দিকে ট্রাক সরিয়ে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত