জি-৭ সম্মেলনকে অপপ্রচারের আসর বলেছে রাশিয়া

আপডেট : ২১ মে ২০২৩, ১১:৩২ পিএম

বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলোর জোট জি-৭-এর সম্মেলনকে রাশিয়া-চীনবিরোধী সম্মেলন বলে অভিহিত করেছে রাশিয়া। দেশটির দাবি, এই আসর মূলত চীন ও রাশিয়াকে দমন করার এজেন্ডা নিয়েই অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, জি-৭-এর নেতারা তাদের সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিমন্ত্রণ জানিয়ে হিরোশিমায় একটি ‘প্রপাগান্ডা শো’ করেছেন। এর আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ গত শনিবার দেশটির এক টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে জি-৭ সম্মেলন নিয়ে কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, জি-৭ সম্মেলনে শনিবার চীনের ক্রমবর্ধমান সামরিক ও অর্থনৈতিক নিরাপত্তা হুমকির বিষয়ে নিন্দা জানিয়েছে। এই তারাই আবার বেইজিংকে দিয়ে রাশিয়াকে যুদ্ধ বন্ধ করাতে চাপ দিতে চান! গত শুক্রবার জাপানের হিরোশিমায় শুরু হয় তিন দিনব্যাপী জি-৭ সম্মেলন; যা শেষ হয় গতকাল রবিবার। সম্মেলনের শুরুতেই রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞার ঘোষণা করা হয়। একই সঙ্গে দেশগুলো চীনের সঙ্গেও বাণিজ্যের পরিধি কমিয়ে আনতে একমত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত