আন্তর্জাতিক মানের হিমাগারে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র

আপডেট : ২৩ মে ২০২৩, ১১:১০ পিএম

দেশে আন্তর্জাতিক মানের হিমাগার বা কোল্ড চেইন ব্যবস্থাপনা গড়ে তুলতে উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন (বিসিএসএ)। এই লক্ষ্যে গত ২১ মে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের অর্থায়নে বাংলাদেশ ট্রেড ফ্যাসিলিটেশন প্রজেক্ট বাস্তবায়নকারী সংস্থা ল্যান্ড ও’লেকস ভেনচার ৩৭-এর সঙ্গে সমঝোতা চুক্তি করেছে বিএসসিএ।

যার আওতায় দেশের হিমাগার শিল্পে নিয়োজিত জনবলের কারিগরি দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকরণ, বিদ্যমান হিমাগারগুলোর সক্ষমতা উন্নয়নে কাজ করা হবে। পাশাপাশি হিমাগার ব্যবস্থাপনায় যুগোপযোগী বাণিজ্যিক কৌশল অনুসরণ এবং টেকসই ও লাভজনক হিমাগার শিল্প গড়ে তুলতে কাজ করবে দুই পক্ষ।

বিসিএসএর পক্ষ থেকে সমঝোতা চুক্তিতে সই করেন সংগঠনটির সভাপতি এবং দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু। ল্যান্ডস ও’লেকস ভেনচার ৩৭-এর পক্ষে চুক্তিতে সই করেন সংস্থাটির প্রকল্প পরিচালক মাইকেল জে. পার।

বিসিএসএ সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু জানান, এই উদ্যোগের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা হিমাগারগুলোকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলা হবে। যা দেশে কৃষিপণ্য সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থায় আমূল পরিবর্তন নিয়ে আসবে। আলুসহ অন্যান্য শাক-সবজি, ফলমূলের উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্য বহুমুখীকরণ এবং রপ্তানি সম্প্রসারণকে অগ্রাধিকার দিয়ে বিসিএসএ জোরালোভাবে কাজ করছে বলে জানান মোস্তফা আজাদ চৌধুরী বাবু। দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সারা দেশে সুষম সরবরাহ ব্যবস্থা বাস্তবায়নে ভবিষ্যতেও উদ্ভাবনী ধারণা এবং কৌশল নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এই ব্যবসায়ী নেতা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত