পরিবহন ও যোগাযোগ খাতে প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে ৬ হাজার ১১০ কোটি টাকা বরাদ্দ বেড়েছে। চলতি অর্থবছরের বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ৮১ হাজার ৫১৯ কোটি টাকা। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, ঢাকার যানজট নিরসন ও যোগাযোগ সহজ করতে গোলাপ শাহ মাজার থেকে সদরঘাট পর্যন্ত যাবে মেট্রোরেল। মেট্রোরেলের এই রুটটি গাবতলী-কমলাপুর-নারায়ণগঞ্জ ও গোলাপ শাহ মাজার-সদরঘাট রুটে উড়াল ও পাতালের সমন্বয়ে ৩৫ কিলোমিটার দীর্ঘলাইন নির্মাণ করা হবে।
মন্ত্রী বলেন, ঢাকা মহানগর ও তৎসংলগ্ন এলাকার যানজট নিরসন ও দ্রুত যোগাযোগ নিশ্চিত করতে ছয়টি মেট্রোরেল লাইনের একটি নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে। এর বিস্তৃতি যোগাযোগ ব্যবস্থা, বিশেষ করে গণপরিবহনে বৈপ্লবিক পরিবর্তন আনবে। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারিত হবে।
তিনি বলেন, ইতিমধ্যে বাংলাদেশের প্রথম মেট্রোরেলের (এমআরটি-৬) উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত অংশ গত বছরের ২৮ ডিসেম্বর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি ২০২৫ সালের মধ্যে কমলাপুর পর্যন্ত সম্প্রসারিত হবে। তিনি আরও বলেন, ২০২৬ সালের মধ্যে কমলাপুর থেকে বিমানবন্দর পর্যন্ত ১৯ দশমিক ৮৭ কিলোমিটার পাতাল এবং নতুন বাজার থেকে পিতলগঞ্জ ডিপো পর্যন্ত ১১ দশমিক ৩৬৯ কিলোমিটার উড়ালসহ ৩১ দশমিক ২৪১ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেল নির্মাণ করা হবে। আর ২০৩০ সালের মধ্যে গাবতলী-আফতাবনগর-দাশেরকান্দি রুটে ১৭ দশমিক ২০ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেল লাইন নির্মাণের পরিকল্পনা রয়েছে।
