স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে ২০২৩-২০২৪ অর্থবছরে ৪৯ হাজার ৩৪২ কোটি টাকা বরাদ্দের রাখা হয়েছে। যেটা চলতি অর্থবছরের চেয়ে ৪ হাজার ৬৫২ কোটি টাকা বেশি। চলতি অর্থবছরে এ খাতের বরাদ্দ ছিল ৪৪ হাজার ৬৯০ কোটি টাকা। গতকাল। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় এসব তথ্য উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, গ্রামীণ দারিদ্র্য হ্রাসে সরকার বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। যার সুফল ইতিমধ্যে পাওয়া শুরু হয়েছে। পরিসংখ্যান ব্যুরোর ২০২২ সালের খানার আয় ও ব্যয়ের জরিপে গ্রামের দারিদ্র্য কমেছে ৫ দশমিক ৯ শতাংশ এবং শহরাঞ্চলের দারিদ্র্য কমেছে ৪ দশমিক ২ শতাংশ। গ্রাম পর্যায়ে আধুনিক মানের সেবা নিশ্চিত করতে সড়ক অবকাঠামো নির্মাণ, সংস্কার ও সংরক্ষণ কাজ চলমান রয়েছে। নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন সুবিধা নিশ্চিত করতে গ্রাম ও শহর সব এলাকায় সমানতালে কার্যক্রম চলমান রয়েছে।
তিনি বলেন, শহর এলাকায় জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ঢাকার জলাবদ্ধতার অনেকাংশে সমাধান মিলেছে। টেকসই বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতেও নিরলস প্রচেষ্টা চালানো হচ্ছে। পরিবেশবান্ধব পয়ঃশোধনাগার নির্মাণের লক্ষ্যে ২০৩০ সালের মধ্যে ৫টি পয়ঃশোধনাগার নির্মাণ করবে সরকার।
