এবার নৌ-পরিবহন ৩ হাজার কোটি বেশি পাচ্ছে

আপডেট : ০২ জুন ২০২৩, ০৬:২৯ এএম

জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নৌ-পরিবহন খাতে ১০ হাজার ৮০১ কোটি টাকার পরিচালন ও উন্নয়ন ব্যয় ধরা হয়েছে। এর আগে ২০২২-২৩ অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ৭ হাজার ২২৪ কোটি টাকা। অর্থাৎ চলতি অর্থবছরের চেয়ে প্রস্তাবিত বাজেটে নৌ-পরিবহন খাতে বরাদ্দ বেড়েছে ৩ হাজার ৫৭৭ কোটি টাকা। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে দেওয়া বাজেট বক্তব্যে  এ বরাদ্দ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রায় ৯৫ শতাংশ সমুদ্র বন্দরসমূহের মাধ্যমে সম্পন্ন হয়। এ ছাড়া যাত্রী ও পণ্য পরিবহনে স্থল ও নৌবন্দরসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি রপ্তানি বাণিজ্য এবং দেশি-বিদেশি বাণিজ্য সম্প্রসারণে অন্যতম লজিস্টিকস হলো বন্দরসমূহ। ফলে শুরু থেকেই সমুদ্রবন্দর, নৌ ও স্থল বন্দর উন্নয়ন ও ব্যবস্থাপনার উৎকর্ষ সাধনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বন্দরসমূহে জাহাজ আগমন ও পণ্য হ্যান্ডেলিংয়ের পরিমাণ প্রতিবছরই ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। গভীর সমুদ্রে কন্টেইনার সংরক্ষণ ও কন্টেইনার ট্রাফিক ব্যবস্থাপনার সক্ষমতা বাড়ানোর জন্য বর্তমানে মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এ ছাড়া মোংলাবন্দরকে একটি আধুনিক সমুদ্র বন্দরে রূপ দেওয়ার জন্য কন্টেইনার টার্মিনাল নির্মাণ, মোংলা বন্দর চ্যানেলের ইনার বারে ড্রেজিং, আধুনিক বর্জ্য ও নিঃসৃত তেল অপসারণ ব্যবস্থাপনা, সহায়ক জলযান সংগ্রহ, নতুন জেটি নির্মাণসহ বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে পায়রা বন্দরকে একটি বিশ্বমানের সমুদ্রবন্দর হিসেবে গড়ে তোলা হচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত