বিকেলের নাশতা

আপডেট : ০৩ জুন ২০২৩, ১২:৩৭ এএম

কয়েক ধরনের নাশতার রেসিপি দিয়েছেন মারজান তাবাসুম অন্যা

পটেটো ওয়েজেজ

উপকরণ

আলু ৩টি, মরিচের গুঁড়া দেড় চা চামচ, চাট মসলা ২ চা চামচ, রসুন কুচি ১ টেবিল চামচ, লবণ ১ চা চামচ, পুদিনাপাতা কুচি ১ টেবিল চামচ, ময়দা সিকি কাপ, কর্নফ্লাওয়ার সিকি কাপ, তেল আধা কাপ।

যেভাবে তৈরি করবেন

১.         আলু খোসা ফেলে পানিতে ধুয়ে লম্বা করে ৮ টুকরা করে নিন।

২.         পানিতে লবণ দিয়ে টুকরো আলু ৫ থেকে ৬ মিনিট সেদ্ধ করুন।

৩.         এবার এই সেদ্ধ আলুর সঙ্গে মরিচের গুঁড়া, চাট মসলা, রসুন কুচি, পুদিনাপাতা কুচি, ময়দা, কর্নফ্লাওয়ার, লবণ ও পরিমাণ মতো পানি দিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন।

৪.         এবার একটা একটা করে আলুর টুকরা ডুবো তেলে ভেজে গরম গরম পরিবেশন করুন।

কিমা পরোটা

উপকরণ

ডো তৈরি : ময়দা আধা কাপ, লবণ সিকি চা চামচ, ঘি আধা চা চামচ, চিনি আধা চা চামচ।

পুর তৈরি : সিদ্ধ চিকেন কিমা ১ কাপ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি ১ চা চামচ, মরিচের গুঁড়া ১ চা চামচ, জিরার গুঁড়া ১ চা চামচ, ধনিয়ার গুঁড়া ১ চা চামচ, হলুদের গুঁড়া আধা চা চামচ, ধনে পাতা কুচি আধা টেবিল চামচ, লবণ ১ চা চামচ, তেল সিকি কাপ।

যেভাবে তৈরি করবেন

১.         ময়দার সঙ্গে লবণ, ঘি, চিনি মেখে এর সঙ্গে পরিমাণ মতো পানি মিশিয়ে ডো তৈরি করে ৩০ মিনিট রেখে দিন।

২.         ফ্রাইপ্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি লালচে করে ভেজে এর মধ্যে চিকেন ও ধনে পাতা কুচি বাদে সব উপকরণ দিয়ে একটু ভেজে নিন। এরপর চিকেন দিয়ে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিন।

৩.         ৩০ মিনিট পর ডো দিয়ে রুটি বানিয়ে এর ওপর রান্না করা কিমা দিয়ে দিন। এবার রুটিটাকে চারপাশ থেকে টেনে গোল করে নিন। এরপর বেলে গোল পরোটা বানান।

৪.         তেলে হালকা আঁচে ভাজুন। ভাজা হলে কেটে পরিবেশন করুন।

চিড়ার ঠা-াই

উপকরণ

চিড়া ১ কাপ, পানি আধা লিটার, টক দই ২ কাপ, চিনি আধা কাপ, বরফ কুচি ১ টেবিল চামচ, রোজ সিরাপ ২ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

১. চিড়া ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে ১ ঘণ্টা ভিজিয়ে রাখুন।

২. ব্লেন্ডারে চিড়া, টকদই, চিনি ও বরফ কুচি দিয়ে ব্লেন্ড করে নিন।

৩. গ্লাসে ঢেলে ওপরে রোজ সিরাপ দিয়ে পরিবেশন করুন।

ক্রিস্পি চিজি ফিঙ্গার

উপকরণ

সেদ্ধ আলু ২টি, পেঁয়াজ কুচি দেড় টেবিল চামচ, কাঁচামরিচ কুচি ১ চা চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, পুদিনা পাতা কুচি ১ টেবিল চামচ, মরিচের গুঁড়া ১ চা চামচ, ঢাকাই পনির সিকি কাপ, লবণ আধা চা চামচ, নুডলস ১ প্যাকেট, কর্নফ্লাওয়ার বা ময়দা ৩ টেবিল চামচ, ডিম ১টি, তেল আধা কাপ।

যেভাবে তৈরি করবেন

১.         আলু ম্যাশ করে এর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি, মরিচের গুঁড়া, ঢাকাই পনির, লবণ ও কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিন।

২.         নুডলস ভেঙে গুঁড়া করে প্যাকেটে থাকা মসলা দিয়ে মেখে রাখুন। ডিম ফেটে নিন।

৩.         এবার আলুর মিশ্রণটাকে আঙুলের মতো বানিয়ে ডিমে চুবিয়ে নুডলসে গড়িয়ে ডুবো তেলে ভেজে পরিবেশন করুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত