রাষ্ট্রদূতরা সীমা লঙ্ঘন করলে ব্যবস্থা : শাহরিয়ার

আপডেট : ০৬ জুন ২০২৩, ০৫:৪১ এএম

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, বিদেশি রাষ্ট্রদূতরা দায়িত্বের বাইরে গিয়ে কিছু করলে বা সীমা লঙ্ঘন করলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রীর কাছে প্রশ্ন করা হয়, গত রবিবার বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়ামা কিমিনোরি গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে বৃহস্পতিবার জাপানের রাষ্ট্রদূত দেশের আগামী জাতীয় নির্বাচনসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের কাছে জানতে চান। রাষ্ট্রদূতদের এখতিয়ার আছে কি না, এ ধরনের কর্মকাণ্ডের?

জবাবে শাহরিয়ার আলম বলেন, ‘আমার বিস্তারিত জানা নেই। আজ থেকে ছয় মাস আগে একটি পরিস্থিতি গেছে। কেউ কেউ তখন দায়িত্বের বাইরে গিয়ে কাজ করেছেন। যদি কোনো রাষ্ট্রদূত আবার‌ও সে ধরনের কোনো কর্মকাণ্ডে জড়িত হন, যেটা আমরা মনে করব সীমা লঙ্ঘন করেছেন, এটা আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে দেশটির ছয় কংগ্রেসম্যানের চিঠির বিষয়টি সরকার কীভাবে দেখছে এ প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা চিঠিটা সংগ্রহ করেছি। অন্যান্য চিঠিপত্রের মতো এখানেও অসামঞ্জস্য আছে। অন্যান্য চিঠির মতো বাড়াবাড়ি আছে। তথ্যের একটা বড় ধরনের ঘাটতি আছে। কংগ্রেসম্যানদের প্রচেষ্টা দুর্বল ও সস্তা।’ এই চিঠি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে ফাটল ধরাতে পারবে না বলেও জানান তিনি।

দিল্লিতে পার্লামেন্ট ভবনে ‘অখণ্ড ভারত মানচিত্রের’ ম্যুরাল স্থাপন বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে ভারতের আনুষ্ঠানিক ব্যাখ্যা জানার জন্য দিল্লিতে বাংলাদেশ দূতাবাসকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এ নিয়ে সরকার বা সংশ্লিষ্টরা সংশয়ে কি না এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি নিয়ে সংশয় প্রকাশ করার কোনো কারণ নেই। তারপরও বাড়তি ব্যাখ্যার জন্য আমরা দিল্লির মিশনকে বলেছি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলতে, তাদের আনুষ্ঠানিক ব্যাখ্যা কী তা জানার জন্য।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা যেটা জেনেছি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন যে এটি অশোকা সাম্রাজ্যের মানচিত্র, এটি খ্রিস্টের জন্মের তিন শত বছর আগের। সেই সময়ের যে অঞ্চলটি ছিল, তার একটি মানচিত্র এবং এটি একটি ম্যুরাল। ওই ম্যুরালে চিত্রায়ণ করা হয়েছে মানুষের যাত্রা। এখানে সাংস্কৃতিক মিল থাকতে পারে, কিন্তু এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত