বিদেশি এয়ারলাইনসের বকেয়া

প্রকৃত তথ্য প্রকাশ করল কেন্দ্রীয় ব্যাংক

আপডেট : ০৭ জুন ২০২৩, ০১:৪৭ এএম

বাংলাদেশের কাছে বিভিন্ন এয়ারলাইনস সংস্থার পাওনা ১৭ কোটি ৭৭ লাখ ডলার বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি দ্য ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) পক্ষ থেকে এসব সংস্থার পাওনা ২১ কোটি ৪১ লাখ ডলার দাবি করার পরিপ্রেক্ষিতে প্রকৃত পাওনার তথ্য প্রকাশ করেছে আর্থিক খাতের এই নিয়ন্ত্রক সংস্থা। ইতিমধ্যেই বিভিন্ন এয়ারলাইনসের পাওনা পরিশোধে দেশে কার্যরত ৭ ব্যাংককে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

গতকাল মঙ্গলবার বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলন ডেকে এসব তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও ভারপ্রাপ্ত মুখপাত্র আবুল বশর।

তিনি বলেন, জানুয়ারি থেকে এখন পর্যন্ত এয়ারলাইনসগুলোর ৪০ কোটি ২১ লাখ ডলার পরিশোধ করা হয়েছে। এর বাইরে তাদের মোট পাওনা রয়েছে ১৭ কোটি ৭৭ লাখ ডলার। তবে আইএটিএ যে তথ্য প্রকাশ করেছে তাতে বলা হয়েছে ২১ কোটি ৪১ লাখ ডলার।

তিনি আরও বলেন, এসব সংস্থার পাওনা নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করেনি দেশের কার্যরত ৭ ব্যাংক। যদিও ওই ব্যাংকগুলোর অর্থ পরিশোধের সামর্থ্য রয়েছে। তাই তাদের খুব শিগগিরই অর্থ পরিশোধ করতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্রসঙ্গত, গত রবিবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এয়ারলাইনসের আন্তর্জাতিক সংগঠন দ্য ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) জানায়, বিমান সংস্থাগুলোর পাওনার অধিকাংশই আটকে আছে বিশ্বের মাত্র পাঁচটি দেশে। নাইজেরিয়া, বাংলাদেশ, আলজেরিয়া, পাকিস্তান ও লেবানন। সবচেয়ে বেশি পাওনা রয়েছে নাইজেরিয়ার কাছে, দেশটির কাছে বিমান সংস্থাগুলোর পাওনা ৮১২ মিলিয়ন মার্কিন ডলারের বেশি। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের কাছে বিশ্বের বিভিন্ন বিমান সংস্থার পাওনা রয়েছে ২১৪ মিলিয়ন মার্কিন ডলার।

বাকি তিনটি দেশ হলো আলজেরিয়া, পাকিস্তান ও লেবানন। এই পাঁচটি দেশের কাছে আটকে আছে মোট পাওনার ৬৮ শতাংশ। আইএটিএ জানায়, ২০২২-এর এপ্রিলের তুলনায় এ বছরের এপ্রিলে বকেয়া ৪৭ শতাংশ বেড়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত