জামায়াতের ব্যাপারে আওয়ামী লীগের নীতির পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন জামায়াত একটি অনিবন্ধিত দল। তারা বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করতে চেয়েছিল। পরে তাদের ইনডোরে অনুমতি দেওয়া হয়েছে।
গতকাল রবিবার দুপুরে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে হাইওয়ে পুলিশের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আসাদুজ্জামান খান বলেন, ‘আজকে পুলিশ জনতার পুলিশ হয়েছে। স্বাধীনতার পর বঙ্গবন্ধু যে পুলিশ দেখতে চেয়েছিলেন আজকে পুলিশ ধীরে ধীরে সে রকমই হচ্ছে। পুলিশের অন্যান্য ইউনিটের মতো হাইওয়ে পুলিশও সফলতার সঙ্গে কাজ করছে। মহাসড়কে সব ধরনের অপরাধ বন্ধে তারা সফলতা পাচ্ছে।’
পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজীর আহমদ, জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের (সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ) সচিব এবিএম আমিন উল্লাহ নুরী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের (সেতু বিভাগ) সচিব মো. মনজুর হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশের প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান। অনুষ্ঠানে জনসেবা সংক্রান্ত ‘হ্যালোএইচপি’ নামে একটি মোবাইল অ্যাপ উদ্বোধন করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের মহাসড়কের অনেক বিস্তৃতি হয়েছে। সে হারে হাইওয়ে পুলিশের লোকবল বাড়েনি। থানার হাইওয়ে পুলিশের জনবল বৃদ্ধিসহ যা যা করা দরকার সবই করা হবে। হাইওয়ে প্রযুক্তির মাধ্যমে জনগণের সেবা দিয়ে যাচ্ছে।’
গত ঈদের ঘরে ফেরার উদাহরণ দিয়ে মন্ত্রী বলেন, সবাই নিরাপদে বাড়ি গেছে। তাই হাইওয়ে পুলিশকে সবাই ধন্যবাদ দিয়েছেন।
অনুষ্ঠানে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা বিধানে বাংলাদেশ পুলিশের বিশেষ দক্ষতা ও সফলতার সঙ্গে কাজ করছে। জনবান্ধব ও মানবিক পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ সদস্যরা যে সেবাধর্মিতার পরিচয় দিচ্ছেন তা সত্যিই প্রশংসনীয়।
অনুষ্ঠানে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ৭৪ হাজার ৪২২টি মামলা ও ২৬ হাজার ৯২১টি থ্রি-হুইলার আটক করা হয়েছে। এ ছাড়া ফিটনেস না থাকায় ২ হাজার ৩৮০ ও ধারণক্ষমতার অতিরিক্ত পণ্য পরিবহন করায় ১ হাজার ২২২টি বাড়ির বিরুদ্ধে মামলা করা হয়েছে।
