ফুটবল খেলেছেন ১১ জন। আর এই খেলায় অংশ নেওয়ার কারণে শুধু খেলোয়াররাই নন, ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারীরা বিশেষ বোনাস পেতে যাচ্ছেন। সম্প্রতি দেশের ৩৩টি ব্যাংক ‘শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট ২০২৩’-এ অংশ গ্রহণ করে। এতে অংশ নেওয়া ব্যাংকগুলোর সব কর্মকর্তা-কর্মচারীদের ‘বিশেষ অর্থ বোনাস’ দিতে বলেছে ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)। গত রবিবার সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে বিএবির চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার স্বাক্ষরিত এমন চিঠি পাঠানো হয়েছে।
বিএবির চিঠির পরামর্শ অনুযায়ী, ফুটবল খেলায় অংশ নেওয়া খেলোয়াড় ও খেলার সঙ্গে যুক্ত সমন্বয়ক, টিম ব্যবস্থাপক ও কোচ পাবেন একটি মূল বেতনের সমান বেসিক। আর অন্য সব কর্মকর্তা-কর্মচারী পাবেন মূল বেতনের অর্ধেক বোনাস।
বিএবির উদ্যোগে গত ১৩ মে থেকে ৯ জুন পর্যন্ত ব্যাংকারদের নিয়ে ‘শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট ২০২৩’ আয়োজন করা হয়। প্রথমবারের মতো আয়োজিত খেলায় চ্যাম্পিয়ন হয়েছে ইউনিয়ন ব্যাংক। এই খেলা উপলক্ষে ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারী ‘ফুটবল বোনাস’ প্রদানের পরামর্শ দিয়েছে বিএবি। এতে সায় দিয়েছে ব্যাংকগুলোও।
বিএবি চেয়ারম্যানের চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট ২০২৩-এ অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানাচ্ছি। ৯ জুন বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে টুর্নামেন্টের সফল সমাপ্তি হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে পুরস্কার প্রদান করেছেন। এই টুর্নামেন্টকে কেন্দ্র করে ব্যাংক কর্মকর্তাদের উৎসাহ-উদ্দীপনা ছিল লক্ষণীয়।
চিঠিতে আরও বলা হয়েছে, উৎসাহ-উদ্দীপনার ধারাকে অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ব্যাংকগুলোর সব খেলোয়াড় ও সংশ্লিষ্ট কর্মকর্তাকে (কো-অর্ডিনেটর, টিম ম্যানেজার ও কোচ) একটি পূর্ণ বেসিকের সমপরিমাণ ‘বিশেষ একটি বোনাস’ এবং অন্য সব নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীকে একটি বেসিকের অর্ধেক পরিমাণ ‘বিশেষ অর্থ বোনাস’ প্রদানের কথা ঘোষণা করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে একটি বেসরকারি খাতের ব্যাংকের ব্যবস্থাপনার পরিচালক নাম প্রকাশ না করার শর্তে দেশ রূপান্তরকে বলেন, বোনাস দেওয়ার বিষয়ে চিঠি পেয়েছি। এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বোনাস দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয় বোর্ড। তবে সব ব্যাংক কি সিদ্ধান্ত নেয় তা দেখে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
