কোরবানির চামড়া সংরক্ষণে লবণ মজুদ পর্যাপ্ত

আপডেট : ১৪ জুন ২০২৩, ১২:২৮ এএম

কোরবানির চামড়া সংরক্ষণে লবণের সংকট হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান মাহবুবর রহমান। তিনি জানান, চলতি বছর লবণ মৌসুমে দেশে উৎপাদন হয়েছে ২২ লাখ ৩৩ হাজার টন, যা বিগত ৬২ বছরের মধ্যে সর্বোচ্চ। দেশে এখন লবণের মজুদ রয়েছে ১০ লাখ ৮ হাজার টন। কোরবানির চামড়া প্রক্রিয়াজাতকরণে প্রয়োজন হবে ১ লাখ টন।

গতকাল মঙ্গলবার আসন্ন ঈদুল আজহায় কোরবানি করা পশুর চামড়া স্থানীয় পর্যায়ে সংরক্ষণ ও প্রক্রিয়াজাতের জন্য নিরবচ্ছিন্ন লবণ সরবরাহ নিশ্চিতকরণে বিসিক কর্তৃক গৃহীত কার্যক্রম বাস্তবায়ন শীর্ষক সভায় এসব জানান তিনি।

সভায় জানানো হয়, প্রাণিসম্পদ অধিদপ্তরের ২০২২ সালের তথ্য অনুযায়ী গত পবিত্র ঈদুল আজহায় কোরবানিযোগ্য পশুর সংখ্যা ছিল ১ কোটি লাখ। সে হিসেবে লবণের চাহিদা নির্ধারণ করা হয়েছিল ৯৭ হাজার ৬৮০ টন। এ বছর সর্বোচ্চ ১ লাখ টন লবণের চাহিদা থাকবে। মাঠ পর্যায় থেকে কোরবানিযোগ্য প্রাণীর সংখ্যার প্রকৃত তথ্য পাওয়া গেলে প্রকৃত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা সম্ভব হবে।

এ সময় বিসিক চেয়ারম্যান বলেন, চাহিদা অনুযায়ী নিরবচ্ছিন্ন লবণ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। এতে দেশের জাতীয় সম্পদ রক্ষা পাবে। সভায় চালু লবণ মিলের তালিকা ডিলার/পাইকারি লবণ বিক্রেতাদের কাছে পাঠানো এবং হালনাগাদ করা ডিলার/পাইকারি লবণ বিক্রেতাদের তালিকা স্থানীয় পর্যায়ে চামড়া সংরক্ষণকারীদের কাছে সরবরাহ করার জন্য বিসিক কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত