সংসদে বিল

গাছ মাছ গবাদি পশু জামানত রেখে ঋণ নেওয়া যাবে

আপডেট : ২১ জুন ২০২৩, ০৪:৩৭ এএম

গাছ, মাছ, গবাদি পশু, সোনা, রুপা, গাড়ি, আসবাবের মতো অস্থাবর সম্পত্তি জামানত রেখে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার সুযোগ রেখে ‘সুরক্ষিত লেনদেন (অস্থাবর সম্পত্তি) বিল–২০২৩’ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিলটি উত্থাপনের পর তা অধিকতর পরীক্ষা-নিরীক্ষার করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত   সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

সংসদে বিলটি উত্থাপনকালে বিলের ওপর আপত্তি জানান বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম। তিনি বলেন, স্থাবর সম্পত্তি জামানত রেখে ঋণ নেওয়া হয়, এখানে ব্যাংকগুলো লুটপাটের আখড়া হয়ে দাঁড়িয়েছে। বিলটি ভালো। ক্ষুদ্রঋণ গ্রহীতাদের জন্য এই আইন প্রয়োজন। কিন্তু এটি বিপর্যয় ডেকে আনবে। কীভাবে নিয়ন্ত্রণ করা হবে, সেটা প্রশ্ন। 

বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, উচ্চ আদালত বলেছে বেসিক ব্যাংকের মামলা নিয়ে নাটক হচ্ছে।

বিরোধীদলীয় সদস্যের আপত্তি কণ্ঠভোটে নাকচ হয়ে গেলে বিলটি উত্থাপন করেন অর্থমন্ত্রী। বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বলা হয়েছে, অস্থাবর সম্পত্তি জামানত রেখে ঋণ প্রদান ও গ্রহণের সুযোগ সৃষ্টি এবং ঋণদাতা ও ঋণগ্রহীতার লেনদেনের সুরক্ষা প্রদানের বিধানের জন্য আইনটি প্রণয়ন করা হয়েছে। বিদ্যমান আইন অনুযায়ী বর্তমানে কেবল স্থাবর সম্পত্তি জামানত রেখে ঋণ নেওয়া যায়। আইনটি পাস হলে অস্থাবর সম্পত্তি জামানত রেখেও ঋণ নেওয়া যাবে।

প্রস্তাবিত আইন অনুযায়ী জামানতযোগ্য অস্থাবর সম্পত্তি বলতে রপ্তানির উদ্দেশ্যে অথবা রপ্তানি আদেশ অনুযায়ী পণ্য প্রস্তুতের কাঁচামালকে বোঝানো রয়েছে। এটি প্রয়োজনীয় দলিল দ্বারা সমর্থিত ও সুরক্ষিত হতে হবে। বিলে স্থাবর সম্পত্তি বলতে বোঝায়, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে গচ্ছিত স্থায়ী আমানতের সনদ, রৌপ্য এবং অন্যান্য মূল্যবান ধাতু  যার ওজন ও বিশুদ্ধতার মান স্বীকৃত কর্র্তৃপক্ষ দ্বারা সার্টিফায়েড। নিবন্ধিত কোম্পানির শেয়ার সার্টিফিকেট। মেধাস্বত্ব অধিকার দ্বারা স্বীকৃত মেধাস্বত্ব পণ্য। কোনো সেবার প্রতিশ্রুতি যার বিপরীতে সেবাগ্রহীতার মূল্য পরিশোধের স্বীকৃত প্রতিশ্রুতি দেওয়া   হয়েছে। মৎস্য, গবাদিপশু, দণ্ডায়মান বৃক্ষ ও শস্যাদি, ফলদ উদ্ভিদ ও ঔষধি উদ্ভিদ। আসবাবপত্র, ইলেকট্রনিক পণ্য, সফটওয়্যার ও অ্যাপস যার মূল্য প্রাক্কলন করা সম্ভব। যথাযথ কর্র্তৃপক্ষের রেজিস্ট্রেশনপ্রাপ্ত যান্ত্রিক বা অযান্ত্রিক যানবাহন। যথাযথভাবে সংরক্ষিত কৃষিজাত পণ্য, প্রক্রিয়াজাত মৎস্য বা জলজ প্রাণী, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিলে বর্ণিত রক্ষিত বন্যপ্রাণী ও উভচর ছাড়া কোনো আয়বর্ধক জীবজন্তু (অজাত শাবকসহ)। সুরক্ষা স্বার্থ সৃষ্টিকারী যেকোনো ধরনের চুক্তি, বন্ধক, শর্তসাপেক্ষে বিক্রয়, ডিবেঞ্চার, যেকোনো চার্জ বা কিস্তিতে ক্রয় চুক্তি। এই আইনের অধীনে সৃষ্ট সুরক্ষা স্বার্থের সম্পূর্ণকরণ ও কার্যকর সংক্রান্ত  বিধানাবলি ছাড়া অন্য কোনো আইনে অনুমোদিত বা তার অধীন কোনো পূর্বস্বত্ব, চার্জ বা অন্যান্য স্বার্থ। কোনো হিসাবের হস্তান্তর বা স্বত্ব অর্পণ যদি এরূপ হস্তান্তর বা স্বত্ব অর্পণ কোনো দায়ের কার্যসম্পাদন বা পরিশোধ নিশ্চিত না করে থাকে। সড়ক পরিবহন আইনের অধীন রেজিস্ট্রেশন করা কোনো মোটরযান এবং জামিনদারের দখলে থাকা কোনো পণ্যের ওপর সৃষ্ট সুরক্ষা স্বার্থ। কোনো বার্ষিক ভাতা বা বীমা পলিসির অধীন সৃষ্ট কোনো স্বার্থ বা দাবি এবং জামানতের কোনো ক্ষয়ক্ষতি বা লোকসান থেকে উদ্ভূত ক্ষতিপূরণ বা ক্ষতিপূরণের নিশ্চয়তা হিসাবে কোনো বীমা পলিসির অধীন প্রাপ্য অর্থ বা অন্য কোনো আর্থিক অধিকার।

বিলে বলা হয়েছে, অর্থঋণ আদালতে সংজ্ঞায়িত আর্থিক প্রতিষ্ঠান, বীমা আইন অনুযায়ী বীমাকারী, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি আইনে সংজ্ঞায়িত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান এবং মানি ল্যান্ডার্স অ্যাক্টে সংজ্ঞায়িত মানি ল্যান্ডার এবং বিদ্যমান অন্য কোনো আইনে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অস্থাবর সম্পত্তি জামানত রেখে লেনদেন করতে পারবে। সুরক্ষা স্বার্থ সৃষ্টির ক্ষেত্রে জামানত হিসেবে ব্যবহারযোগ্য অস্থাবর সম্পত্তির মূল্য প্রবিধান দিয়ে নির্ধারিত হবে বলেও উল্লেখ করা হয়েছে।

প্রস্তাবিত আইন কার্যকর হলে সরকার একটি নিবন্ধন কর্র্তৃপক্ষ প্রতিষ্ঠা করবে। এই কর্র্তৃপক্ষ জামানতযোগ্য অস্থাবর সম্পত্তি অর্থায়ন বিবরণী নিবন্ধন, জামানত হিসাবে অস্থাবর সম্পত্তির ইলেকট্রনিক নিবন্ধনসংক্রান্ত ইলেকট্রনিক তথ্যভাণ্ডার পরিচালনা করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত