এলসির দায় পরিশোধে সময় বাড়ল ৬ মাস

আপডেট : ২৭ জুন ২০২৩, ১২:৪৭ এএম

ডলার সংকটে আমদানি দায় পরিশোধে হিমশিম খাচ্ছে ব্যাংকগুলো। এমন পরিস্থিতিতে ডলার সাশ্রয় ও সরবারহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে আমদানি দায় পরিশোধের সময় বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাক টু ব্যাংক এলসি, শিল্পের কাঁচামাল ও কৃষিপণ্য আমদানিতে এই সুবিধা দেওয়া হয়েছে। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বাণিজ্যিক ব্যাংকের এডি শাখাগুলোতে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, শিল্পের কাঁচামাল, ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে আমদানি, কৃষি উপকরণ ও রাসায়নিক সার আমদানির দায় পরিশোধে মেয়াদ ১৮০ দিনের পরিবর্তে ৩৬০ দিন করা হয়েছে। ফলে এসব পণ্যের আমদা‌নি মূল্য চলতি বছরের ৩০ জুনের পরিবর্তে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিশোধ কর‌তে পার‌বে। তবে রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে নেওয়া ঋণে আমদানি মূল্য পরিশোধে এই সুযোগটি থাকবে না।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর গত বছরের মার্চ থেকে দেশে ডলার-সংকট প্রকট আকার ধারণ করে। এ সংকট কাটিয়ে বৈদেশিক মুদ্রার চাপ সামাল দিতে উপায় খুঁজছে বাংলাদেশ ব্যাংক। এরই অংশ হিসেবে আমদানির দায় পরিশোধের সময় বাড়ানো হয়েছে। পাশাপাশি ডলারের সংকট কাটাতে বিভিন্ন পণ্যে ১০০ শতাংশ পর্যন্ত মার্জিন দেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকগুলোকে ডলার সহায়তাও দেওয়া হচ্ছে। চলতি অর্থবছর রেকর্ড ১৩ বিলিয়ন ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত