রাজধানীর ফার্মগেটে সেজান পয়েন্টের সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। গতকাল শনিবার ভোরে এ ঘটনা ঘটেছে।
নিহত এই পুলিশ সদস্যের নাম মো. মনিরুজ্জামান। তেজগাঁও ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন তিনি। পুলিশ বলছে, ছিনতাইকারীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
গ্রামে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করে ঢাকায় ফিরে তেজগাঁও রেলস্টেশনে নামেন মনিরুজ্জামান। সেখানে ট্রাফিক পুলিশের অফিসের দিকে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। এ সময় তিনি সাধারণ পোশাকে ছিলেন। তার মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে নেওয়া হয়। সেখানে ময়নাতদন্ত সম্পন্ন করে গতকাল বিকেলে সাড়ে ৩টার দিকে মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেয় পুলিশ।
মনিরুজ্জামানের ফুফাতো ভাই জাকিরুল আলম লাশ বুঝে নেন। এরপর মরদেহ নিয়ে তার গ্রামের বাড়ি শেরপুরের শ্রীবরদী উপজেলার করুয়া গ্রামের উদ্দেশ্যে রওনা হন। সেখানেই তার দাফন সম্পন্ন হবে বলে জানান জাকিরুল আলম।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানার ওসি অপূর্ব হাসান দেশ রূপান্তরকে বলেন, ‘শনিবার ভোর ৪টা ১৫ মিনিটের দিকে হত্যার এ ঘটনা ঘটে। ঘটনাস্থলের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে দেখা গেছে, দুই ব্যক্তি পুলিশ সদস্য মনিরুজ্জামানকে ঘিরে ধরে। তার কাছে থাকা মালামাল নিতে গেলে তিনি বাধা দেন। এ সময় ধস্তাধস্তির এক পর্যায়ে তার বুকে ও পিঠে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা।’
তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত মনে করছি হত্যাকারীরা ছিনতাইকারী। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
ফুফাতো ভাই জাকির জানান, মনিরুজ্জামানের বাবা বীর মুক্তিযোদ্ধা কাসেম তালুকদার। পাঁচ ভাই ও এক বোনের মধ্যে মনিরুজ্জামান দ্বিতীয়। গ্রামে তার স্ত্রী ও ছোট দুই ছেলে রয়েছে। ২০০২ সালের ২৬ সেপ্টেম্বর পুলিশে যোগ দেন মনিরুজ্জামান। বেশ কিছুদিন ধরেই তিনি তেজগাঁওয়ে কর্মরত ছিলেন।
তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক বলেন, ‘পুলিশ সদস্যকে কী কারণে হত্যা করা হয়েছে সে বিষয়ে আমরা এখনো নিশ্চিত নই। ছিনতাইকারীর ছুরিকাঘাত নাকি অন্য কিছুর আঘাতে তিনি নিহত হয়েছেন সেটা তদন্ত করে দেখা হচ্ছে। তবে আমরা আশঙ্কা করছি তিনি ছিনতাইকারীর ছুরিকাঘাতে মারা গেছেন।’
রাতের শেষ ভাগ বেছে নেয় ছিনতাইকারীরা : ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ঢাকায় রাতের শেষ ভাগে দুর্বৃত্তরা ছিনতাই করে থাকে। গতকাল শনিবার সকালে রাজধানীর গুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলায় শহীদ দুই পুলিশ সদস্যের ম্যুরালে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ‘এমনিতেই রাতে ঢাকা শহর ফাঁকা হয়ে যায়। রাত ২টার পর রাস্তা আরও অনেক ফাঁকা হয়ে যায়। এ সময় ছিনতাইকারীরা তৎপর হয়। আমরা বিষয়গুলো নিয়ে কাজ করছি। আরও কীভাবে আমাদের পুলিশিং বাড়ানো যায় সে বিষয় নিয়ে আমরা কাজ করছি।’
তিনি বলেন, ‘যেসব ছিনতাইকারী শেষ রাতের দিকে ছিনতাই করার সময় হিসেবে বেছে নেয়, আশা করছি তারা আর সেটা পারবে না। ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহতের যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে আমরা কাজ করছি। জড়িতদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।’
ছিনতাইকারীর ছুরিকাঘাতে গণমাধ্যমকর্মী আহত : রাজধানীর রামপুরায় বিটিভি অফিসের সামনের রাস্তায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রযোজনা সহকারী রাকিবুল হাসান রানা (৩০) গুরুতর আহত হয়েছেন। ছিনতাইকারীরা তার সঙ্গে থাকা একটি ব্যাগ ও আরেক ব্যক্তির মোবাইল ফোনসেট ও মানিব্যাগ ছিনিয়ে নিয়েছে।
ঈদের দিন গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। আহত রানাকে ঢাকা মেডিকেলে চিকিৎসা শেষে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আহত রানার ছোট ভাই রবিউল হাসান রিফাত জানান, রানার বাসা রামপুরার উলনে। রাতে অফিস থেকে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন তিনি। তার সঙ্গে ছিলেন এলাকারই মোহন নামে আরেক যুবক। বিটিভি অফিসের সামনের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি মোটরসাইকেলে তিন ছিনতাইকারী এসে তাদের পথরোধ করে। তাদের দুজনকে দুই পাশে নিয়ে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে সবকিছু হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। ভয়ে মোহন তার সঙ্গে থাকা মানিব্যাগ ও মোবাইল ফোন তাদের হাতে দিয়ে দেন। তবে রানা প্রতিবাদ করেন। তখন ছিনতাইকারীরা চাপাতি দিয়ে রানার মাথায় ৩টি আঘাত করে। দুই হাতে ও পায়ে আঘাত করে পালিয়ে যায়।
