শস্য চুক্তির মেয়াদ বাড়বে আশাবাদী এরদোয়ান

আপডেট : ১৪ জুলাই ২০২৩, ১০:৪৩ পিএম

জাতিসংঘ এবং তুরস্কের প্রচেষ্টার ফলে কৃষ্ণ সাগরের শস্য চুক্তিটির মেয়াদ বাড়বে বলে আশা করেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক আক্রমণের পর কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনীয় শস্য রপ্তানির জন্য এই চুক্তি স্বাক্ষর করা হয়েছিল। তাতে মধ্যস্থতা করেছিলেন এরদোয়ান। সম্প্রতি রাশিয়া এই চুক্তির মেয়াদ না বাড়ানোর হুমকি দিয়েছে। গত বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের একজন মুখপাত্র বলেন, ইউরোপীয় কমিশন চুক্তিটি বাড়ানোর জন্য সহায়তা করছে। অচলাবস্থা সমাধানের সব উপায় নিয়ে ভাবা হচ্ছে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন, চুক্তি অনুযায়ী রাশিয়ার কোনো দাবিই পূরণ করা হয়নি। গত বৃহস্পতিবার একটি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। পুতিন বলেন, ‘আমি জোরের সঙ্গেই বলছি, কিছুই করা হয়নি। সবই একতরফা। আমরা ভাবব কী করা যায়, আমাদের হাতে আরও কিছুদিন আছে। আমাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ হলে আমরা মেয়াদ বাড়িয়ে দেব।’ মস্কো তার নিজস্ব কৃষিপণ্য ও সার রপ্তানিতে বাধার কারণে বারবার চুক্তি থেকে সরে যাওয়ার হুমকি দিয়েছে। রাশিয়া মেয়াদ বাড়াতে রাজি না হলে শস্য চুক্তির মেয়াদ ১৭ জুলাই শেষ হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত