পোশাক কারখানাগুলোকে সবুজ ও পরিচ্ছন্ন বিদ্যুতের উৎসসহ আরও জ্বালানি দক্ষ করে গড়ে তুলতে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং গ্রিন পাওয়ার লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এবং গ্রিন পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক শেখ এহসানুল হাবীব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তি স্বাক্ষর করেন।
এখন থেকে বিজিএমইএর কারখানাগুলোকে সৌরশক্তিসহ সবুজ ও পরিচ্ছন্ন জ্বালানি শক্তি গ্রহণেভর বিষয়ে প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে গ্রিন পাওয়ার। পাশাপাশি কারখানাগুলোকে জ্বালানি দক্ষতা অর্জনেও সহায়তা করবে প্রতিষ্ঠানটি।
এজন্য দ্রুত সময়ের মধ্যে কারখানাগুলোর ডে-লোড কার্ভের ওপর ভিত্তি করে সোলার পাওয়ার এবং ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম (বিইএসএস) এর সম্ভাব্য ইনস্টলেশনসহ নির্ভরযোগ্য, কম ব্যয়ের এবং পরিচ্ছন্ন জ্বালানি উৎসগুলো অন্তর্ভুক্ত করার জন্য বিকল্পগুলো খুঁজে বের করতে আগ্রহী সদস্য কারখানাগুলোর ওপর একটি পুনর্বিবেচনা জরিপ (ৎবপড়হহধরংংধহপব ংঁৎাবু) পরিচালনা করবে গ্রিন পাওয়ার। বিজিএমইএ’র সদস্য কারখানাগুলোর সম্মতির ভিত্তিতে গ্রিন পাওয়ার টিম সদস্য কারখানাগুলোর বিদ্যুৎ ব্যবহারের ধরন বিষয়ে জরিপ করতে পারে এবং কারখানাগুলোর আগ্রহ থাকলে ঐচ্ছিকভাবে একটি ‘এনার্জি অডিট রিপোর্ট’ তৈরি করতে পারে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএর সাবেক সহ-সভাপতি মো. মশিউল আজম শজল এবং বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটি অন লেবার অ্যান্ড আইএলও অ্যাফেয়ার্স-এর চেয়ারম্যান আ. ন. ম সাইফুদ্দিন।
