ইউক্রেন যদি বিতর্কিত ক্লাস্টার বোমা ব্যবহার করে তবে রাশিয়াও একই পথে হাঁটবে। এই হুমকি দিয়ে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার কাছে ক্লাস্টার বোমার ‘পর্যাপ্ত মজুত’ রয়েছে, প্রয়োজনে সেগুলো ব্যবহার করা হবে। গতকাল রবিবার দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি। পুতিন বলেন, ‘তারা যদি আমাদের বিরুদ্ধে (ক্লাস্টার বোমা) ব্যবহার করে আমরাও পাল্টা পদক্ষেপ হিসেবে এগুলো ব্যবহারের অধিকার রাখি।’ ইউক্রেনে পাঠানো গোলাবারুদের মজুত ফুরিয়ে আসছে উল্লেখ করে সম্প্রতি দেশটিকে সহায়তায় ক্লাস্টার বোমা পাঠানোর ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ইতিমধ্যে এই বোমার চালান হাতেও পেয়েছে জেলেনস্কির বাহিনী। বিতর্কিত বোমা পাঠানোয় ব্যাপক ক্ষুব্ধ ক্রেমলিন। যুক্তরাষ্ট্রের মিত্ররাও বাইডেনের এই বোমা সরবরাহের বিপক্ষে।
×
