শতভাগ আরএডিপি বাস্তবায়ন করেছে বিদ্যুৎ বিভাগ

আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১২:১৮ এএম

সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) আওতায় ২০২২-২৩ অর্থবছরের শতভাগ প্রকল্প বাস্তবায়ন করেছে বিদ্যুৎ বিভাগ। এর আগের অর্থবছরেও অগ্রগতি ছিল শতভাগ। গতকাল রবিবার বিদ্যুৎ বিভাগের উন্নয়ন প্রকল্পগুলোর বিদায়ী অর্থবছর পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এসব তথ্য তুলে ধরা হয়।

সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে আরএডিপি ১০০ শতাংশ বাস্তবায়ন বেশ ভালো এবং এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। প্রকৃতপক্ষে গ্রাহক সন্তুষ্টিই আমাদের মূল লক্ষ্য। গ্রাহকদের সঙ্গে বিদ্যমান আস্থার সম্পর্ক আরও জোরদার করতে পরিকল্পনামাফিক যোগাযোগ কার্যক্রম বাড়ানো প্রয়োজন।

তিনি বলেন, দ্রুত সিদ্ধান্ত নিয়ে গ্রাহকসেবার মান বাড়াতে হবে। দলগত উদ্যোগ ও তদারকি জোরদারের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করতে হবে দ্রুতগতিতে। 

বিদ্যুৎ বিভাগ জানায়, ৭১টি প্রকল্পের বিপরীতে বরাদ্দ ছিল ২৮ হাজার ৩১৯ কোটি টাকা। যার মধ্যে আর্থিক ব্যয় হয়েছে ২৮ হাজার ৪০০ কোটি টাকা। আর্থিক অগ্রগতির হার ১০০ দশমিক ২৮ শতাংশ। সিলিং অনুযায়ী অগ্রগতি ১০১ দশমিক ৫৮ শতাংশ। ভৌত অগ্রগতি ১০০ শতাংশ। ২০২১-২২ অর্থবছরে ১০১ দশমিক ৯০ শতাংশ আর্থিক অগ্রগতি ছিল।

ভার্চুয়াল এই সভায় অন্যান্যের মধ্যে সংযুক্ত ছিলেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন, পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত