আফগানিস্তানে আগ্রাসন চালানোর সময় বিতর্কিত ক্লাস্টার বোমা ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র। তাদের ফেলে আসা অবিস্ফোরিত বোমাগুলো মৃত্যুফাঁদ হয়ে আছে আফগানদের জন্য। মাঠে ঘাটে এখনো পড়ে আছে শত শত গুচ্ছ বোমা। আফগানিস্তানে প্রায় দুই দশকের যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পর এখন মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে আছে ফেলে আসা ক্লাস্টার বা গুচ্ছ বোমা। সোলেমান নামে এক আফগান ভুক্তভোগী এ ব্যাপারে বলেন, ‘যখন আমি বোমা হামলার শিকার হই তখন আমার বয়স ৬। আমার মনে আছে একটি বোমা হঠাৎ আমার পেছনে আঘাত করে। সেই দুর্ঘটনা আমার জীবনটাকে এলোমেলো করে দিয়েছে।’ ২০০১ সালে তৎকালীন তালেবান সরকারকে উৎখাতের জন্য আফগানিস্তানে আগ্রাসন চালায় যুক্তরাষ্ট্র। সে সময় তিন বছর ধরে গোটা দেশটিতে কয়েক হাজার ক্লাস্টার বোমা ফেলা হয়। দেশটির শহীদ ও প্রতিবন্ধী বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য মতে, যুক্তরাষ্ট্রের ড্রোন ও গুচ্ছ বোমার আঘাতে বর্তমানে প্রায় ২ লাখ পঙ্গু আফগান রয়েছে। মন্ত্রণালয়ের প্রধান কর্মকর্তা শাহ মোহাম্মদ বলেন, ‘আমাদের কাছে নিবন্ধিত পঙ্গু ব্যক্তি ছাড়াও বহু আহত আফগান আছে। অনেককে সারা জীবনের জন্য পঙ্গুত্বকে বয়ে বেড়াতে হচ্ছে।’
×
