দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা গত ১০ বছরে সাত গুণ বেড়েছে। ২০১৩ সালে জনসংখ্যার ৬ দশমিক ৭ শতাংশ ছিল ইন্টারনেট ব্যবহারকারী, যা ২০২৩ সালে বেড়ে দাঁড়িয়েছে ৪৩ দশমিক ৬ শতাংশ। দেশে বর্তমানে পরিবার পর্যায়ে মোবাইল ফোন ব্যবহারের সুবিধা ভোগ করে ৯৭ দশমিক ৯ শতাংশ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ব্যবহার জরিপ-২০২৩ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত পরিসংখ্যান ভবনে অনুষ্ঠিত অনুষ্ঠানে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।
এ ছাড়া স্মার্টফোন ৬৩ দশমিক ৩ শতাংশ, রেডিও ১৪ দশমিক ৯, টেলিভিশন ৬২ দশমিক ২ এবং কম্পিউটার ৮ দশমিক ৯, ল্যান্ডফোন ব্যবহার করে শূন্য দশমিক ৭ শতাংশ পরিবারের লোকজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন আইসিটি বিভাগের সচিব সামসুল আরেফিন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব শাহনাজ আরেফিন ও ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক উত্তম কুমার। সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মহাপরিচালক মো. মতিয়ার রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক সৈয়দা মারুফা সাকি।
অনুষ্ঠানে জানানো হয়, খানাপর্যায়ে ইন্টারনেট ব্যবহারকারী সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ৫৯ দশমিক শূন্য শতাংশ। সবচেয়ে কম বরিশাল ও রংপুর বিভাগে ২৭ দশমিক ৩ শতাংশ। যেখানে জাতীয় পর্যায়ে ৪৩ দশমিক ৬ শতাংশ। খানাপর্যায়ে মোবাইল ফোন ব্যবহারকারী সবচেয়ে বেশি খুলনা বিভাগে ৯৯ দশমিক ২ শতাংশ, সবচেয়ে কম সিলেট বিভাগে ৯২ দশমিক ৪ শতাংশ। কম্পিউটার ব্যবহারকারী সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ১৪ দশমিক ৬ শতাংশ। সবচেয়ে কম সিলেট বিভাগে ৩ দশমিক ৯ শতাংশ।
ব্যক্তিপর্যায়ে ইন্টারনেট ব্যবহারকারীর হার ৪৪ দশমিক ৫ শতাংশ, মোবাইল ফোন ৯০ দশমিক ৫ শতাংশ, কম্পিউটার ৭ দশমিক ৯ এবং দেশের জনসংখ্যার ৬৩ দশমিক ৮ শতাংশের নিজস্ব মোবাইল ফোন আছে।
২০১৩, ২০২২ এবং ২০২৩ সালের ডেটা বিশ্লেষণ করে দেখা যায়, দেশে ইন্টারনেট ব্যবহারকারী ব্যক্তির হার ২০১৩ সালে ছিল ৬ দশমিক ৭ শতাংশ। যেটা বৃদ্ধি পেয়ে ২০২২ সালে ৩৮ দশমিক ৯ শতাংশ হয়েছে এবং ২০২৩ সালে হয়েছে ৪৪ দশমিক ৫ শতাংশ। মোবাইল ব্যবহারকারীর হার ২০১৩ সালে ছিল ৮১ দশমিক ৭ শতাংশ। যেটা বৃদ্ধি পেয়ে ২০২২ সালে ৮৯ দশমিক ৯ শতাংশ। ২০২৩ সালে হয়েছে ৯০ দশমিক ৫ শতাংশ। কম্পিউটার ব্যবহারকারীর হার ২০১৩ সালে ছিল ৫ দশমিক ৬ শতাংশ। যেটা বৃদ্ধি পেয়ে ২০২২ সালে ৭ দশমিক ৪ শতাংশ হয়েছে। ২০২৩ সালে হয়েছে ৭ দশমিক ৯ শতাংশ।
অনুষ্ঠানের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, দেশের মোবাইলের ব্যবহারকারী বেড়েছে। তবে সিলেটে টেলিভিশনের ব্যবহারকারী কমেছে এবং রংপুরে বেড়েছে, এটা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। যদিও সিলেটে দামি মোবাইল ব্যবহারকারী বেড়েছে, যা রংপুরে কম। তিনি বলেন, ধনী ব্যক্তিরা আধুনিক প্রযুক্তির দিকে অগ্রসর হচ্ছে।
বিবিএসের মহাপরিচালক মতিয়ার রহমান বলেন, এগুলোর ব্যবহার যে বেড়েছে এগুলো সবাই আমরা জানি। তবে এই জরিপ হচ্ছে একটি ডকুমেন্ট। জরিপে উঠে এসেছে ল্যান্ডফোন ব্যবহারকারী কমে শূন্য দশমিক ৭ শতাংশে নেমেছে। এতে সরকারের এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে।
