তেল রপ্তানিতে জাপানি বে-বর্ন এমারাল্ড সমঝোতা

আপডেট : ২২ জুলাই ২০২৩, ১১:২৪ পিএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে জাপানিজ প্রতিষ্ঠান বে-বর্ন কোম্পানির সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি অনুযায়ী, কোম্পানিটি বছরে তিন হাজার টন অপরিশোধিত তেল আমদানি করবে এমারাল্ড অয়েল থেকে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

প্রসঙ্গত, বর্তমানে এমারাল্ড অয়েলের বার্ষিক উৎপাদন ক্ষমতা ৮ থেকে ১০ হাজার টন। জাপানে ৩ হাজার টন তেল রপ্তানির ফলে বার্ষিক ৬০ কোটি টাকা আয় বাড়বে বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

গত বৃহস্পতিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এ সমঝোতা চুক্তিটি স্বাক্ষর হয়। এমারাল্ডের পক্ষে স্বাক্ষর করেন কোম্পানির প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা (সিএফও) মো. আশরাফুল আলম। বে-বর্নের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিংগো মিয়াওচি।

এ সময় উপস্থিত ছিলেন এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্যদের সদস্যবৃন্দ ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল হোসেনসহ দেশি ও বিদেশি অতিথিবৃন্দ।

এ বিষয়ে ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল হোসেন দেশ রূপান্তরকে জানিয়েছেন, জাপানি কোম্পানির সঙ্গে রপ্তানি চুক্তির ফলে এমারাল্ডের গ্রস প্রফিট ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত