বিডার ওএসএস দেবে ১৫০ সেবা

আপডেট : ২৪ জুলাই ২০২৩, ১২:০৭ এএম

চলতি বছরই বিডার ওএসএস থেকে বিনিয়োগকারীরা ১৫০টি সেবা পাবেন বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া। গতকাল রবিবার বিডার কনফারেন্স কক্ষে পাঁচটি সেবা প্রদানকারী সংস্থার সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা জানান। চুক্তি সই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডার নির্বাহী সদস্য ড. খন্দকার আজিজুল ইসলাম।

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের বিডা অনলাইন ওএসএসের মাধ্যমে আরও বেশি বিনিয়োগ সেবা প্রদানের লক্ষ্যে গতকাল বিডার কনফারেন্স কক্ষে বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের সঙ্গে পাঁচটি সেবা প্রদানকারী সংস্থাÑ তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড, রাজশাহী পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ, প্রাইম ব্যাংক লিমিটেড এবং ব্র্যাক ব্যাংক লিমিটেডের অনলাইন সিস্টেমের ইন্টিগ্রেশনের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ সমঝোতা স্মারক বাস্তবায়নের ফলে নয়টি বিনিয়োগ সেবা বিডা ওএসএসে যুক্ত হবে।

সমঝোতা স্মারকে বিডার পক্ষে বিডার মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায়, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির পক্ষে জেনারেল ম্যানেজার মো. লুতফুল হায়দায় মাসুম, সুন্দরবন গ্যাস কোম্পানির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল আহমেদ, রাজশাহী পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের পক্ষে রাজশাহী ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক মো. আল্লা হাফিজ, প্রাইম ব্যাংকের পক্ষে ডিএমডি শামস আবদুল্লাহ মুহাইমিন এবং ব্র্যাক ব্যাংকের পক্ষে ডিএমডি তারেক রেফাত উল্লাহ খান স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লোকমান হোসেন মিয়া বলেন, ২০০৯ সালের পর থেকে বিশ্বে বাংলাদেশের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে, ইতিমধ্যে বাংলাদেশে ১০০ অর্থনৈতিক অঞ্চল, ১৯টি হাইটেক পার্ক, গভীর সমুদ্র বন্দর নির্মাণসহ অনেক অবকাঠামো উন্নয়ন হয়েছে। এ বছর নভেম্বর মাসে বাংলাদেশে প্রথমবারের মতো কমনওয়েলথ সামিট অনুষ্ঠিত হবে। যা আমাদের জন্য মাইলফলক। কভিডের পরে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা শুরু হলে ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশে এসেছে রেকর্ড সংখ্যক বিদেশি বিনিয়োগ, যার পরিমাণ প্রায় ৩ দশমিক ৪৮ বিলিয়ন ডলার। কারণ বাংলাদেশ এখন বিনিয়োগকারীদের কাছে নিরাপদ বিনিয়োগের অন্যতম ঠিকানা।

তিনি আরও বলেন, বিনিয়োগ আকর্ষণের পথে আমাদের সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, লাওস ও ভারত। যে ধরনের বিনিয়োগ সেবা ভিয়েতনাম ৩৫ দিনে, ইন্দোনেশিয়া ৫০ দিনে ও ভারত ৬০ দিনে দেয়, সেই ধরনের বিনিয়োগ সেবা বিডা ৪০ দিনের মধ্যে দেওয়ার লক্ষ্যে কাজ করে চলেছে। এজন্য আমরা সিঙ্গেল পয়েন্ট এন্ট্রি হিসেবে বিডা ওএসএসের সঙ্গে অন্যান্য বিনিয়োগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে যুক্ত করছি, যাতে বিনিয়োগকারী ঘরে বসে বিডা ওএসএসের মাধ্যমে শুধুমাত্র একবার তথ্য প্রদান করে সব ধরনের বিনিয়োগ সেবা পান, অন্য কোনো অফিসে তার যাওয়ার দরকার নেই।

এ সময়ে তিনি আরও বলেন, আজকের পাঁচটিসহ নিয়ে বিডা মোট ৪৮টি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করল। বর্তমানে বিডা ২৩টি প্রতিষ্ঠানের ৬৭ সেবা বিডা ওএসএসের মাধ্যমে প্রদান করে আসছে। আগামী তিন মাসের মধ্যে আমরা ৮০ শতাংশ বিনিয়োগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সেবা বিডা ওএসএসের মাধ্যমে প্রদান করব এবং বছরের মধ্যেই ১৫০ বিনিয়োগ সেবা বিডা অনলাইন ওএসএসের মাধ্যমে বিনিয়োগকারীদের প্রদান করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত