অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার সময় ফায়ার সার্ভিসের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে তিনজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ছয়জন। গতকাল সোমবার বেলা ১১টার দিকে চাষাঢ়ায় সান্ত্বনা মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন ফায়ার সার্ভিসের গাড়িচালক জাহাঙ্গীর হোসেন (৫০)। ফায়ার সার্ভিসের ভাষ্য, জাহাঙ্গীর হোসেন চলন্ত গাড়িতেই স্ট্রোক করে মারা যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে। এদিকে এদিন পৃথক দুর্ঘটনায় ফেনীতে তিনজন, ফরিদপুরে দুজন, ঢাকার সাভারে দুজন ও টাঙ্গাইলের ঘাটাইলে আরও দুজন নিহত হয়েছে।
দেশ রূপান্তরের সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত
নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের গাড়িচালক জাহাঙ্গীর হোসেন গাড়ি নিয়ে বিসিক শিল্পনগরীতে যাচ্ছিলেন। চাষাঢ়ায় হঠাৎ গাড়িটির নিয়ন্ত্রণ হারায়। রাস্তায় থাকা পাঁচটি গাড়িকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে সালাউদ্দিন সাবু নামে এক পথচারী নিহত হন। ফায়ার সার্ভিসের গাড়ি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় চালক জাহাঙ্গীরকে। বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতলে মৃত্যু হয় আরও একজনের। দুর্ঘটনার পর চাষাঢ়া মোড় থেকে চারদিকের রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ফতুল্লার পঞ্চবটী এলাকার বিসিক শিল্পনগরীতে ফকির অ্যাপারেলস নামে একটি পোশাক কারখানায় আগুনের খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি গাড়ি ঘটনাস্থলে যাচ্ছিল। ফায়ার সার্ভিসের গাড়িটি শহরের চাষাঢ়ার মোড়ের সান্ত¡না মার্কেটের সামনে গেলে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারান। এ সময় গাড়িটি আনন্দ পরিবহনের যাত্রীবাহী বাস, একটি প্রাইভেট কার ও তিনটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে আনন্দ পরিবহনের বাসের চাকায় পিষ্ট হয়ে পথচারী সালাউদ্দিন সাবু নিহত হন। আহত হন ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও যাত্রীসহ সাতজন। আহতদের উদ্ধার করে শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে সারা, নাজমা ও সিরাজুলকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে মারা যান সিরাজুল ইসলাম।
দুর্ঘটনার পর চাষাঢ়া ও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড, ২ নাম্বার রেলগেট, খানপুর হাসপাতাল সড়ক ও চাষাঢ়া পঞ্চবটী সড়কে প্রায় দুই ঘণ্টা ধরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে এই পথের যাত্রীরা বেশ দুর্ভোগে পড়েন। পরে ট্রাফিক পুলিশ যানজট নিয়ন্ত্রণ করে।
ঘটনার প্রত্যক্ষদর্শী রিকশাচালক জসিম বলেন, যখন দুর্ঘটনাটি ঘটে তখন আমি পাশিই ছিলাম। হঠাৎ দেখি ফায়ার সার্ভিসের গাড়িটি এলোমেলোভাবে চলছে। দেখে মনে হয় গাড়িতে বোধহয় কোনো চালক নাই। মুহূর্তের মধ্যে ফায়ার সার্ভিসের গাড়িটি চলন্ত আনন্দ বাসকে ধাক্কা দেয় এবং পরে একটি প্রাইভেট কার ও তিনটি অটোকে চাপা দেয়।
ফায়ার সার্ভিস ঢাকা সদর দপ্তরের উপপরিচালক আক্তারুজ্জামান বলেন, অগ্নিকা-ের খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের গাড়িচালক জাহাঙ্গীর হোসেন গাড়ি নিয়ে বিসিক শিল্পনগরীতে যাচ্ছিলেন। গাড়িতে থাকা ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, চাষাঢ়া এলাকায় হঠাৎ স্ট্রোক করে মারা যান গাড়ির চালক। চালক স্ট্রোক করার কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটেছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আনিচুর রহমান বলেন, নিহত পথচারীর লাশ আনন্দ বাসের চাকার ভেতরে আটকে থাকার কারণে বাসের চাকার দিকের বডি কেটে বের করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, ফায়ার সার্ভিসের গাড়ির চালক জাহাঙ্গীর হোসেনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
সাভার প্রতিনিধি জানিয়েছেন, ঢাকা-আরিচা মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে গেলে ছিটকে পড়েন দুই আরোহী। পরে গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন। রবিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটের বিপরীতের ইউ-টার্নে এ সড়ক দুর্ঘটনা ঘটে। গতকাল দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার ওসি আজিজুল হক। তিনি জানান, নিহতরা হলেন টাঙ্গাইল জেলার নাগরপুর থানার পাইসানা গ্রামের শহীদুল শাহের ছেলে সৈয়দ এনামুল শাহ (৩৬)। তিনি আশুলিয়ার ডেন্ডাবর পল্লী বিদ্যুৎ এলাকায় পরিবারসহ ভাড়া থেকে ব্যবসা করতেন। অন্যজন হলেন বরিশাল জেলার হিজলা থানার নিজাম উদ্দিনের ছেলে নাম আল মামুন (২৬)। তিনি আশুলিয়ার জিরানী এলাকায় বসবাস করেন ও একটি আসবাবপত্রের দোকানে চাকরি করতেন।
ফরিদপুর প্রতিনিধি জানান, ফরিদপুরের ভাঙ্গার ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বগাইল টোল প্লাজাসংলগ্ন হাসামদিয়ায় বাসচাপায় নিহত হয়েছেন দুই সহোদর। গতকাল বেলা ৩টার দিকে ঢাকাগামী ইলিশ পরিবহনের চাপায় নিহত দুই ভাই হলেন মেহেরপুর জেলা সদরের নতুন দরবেশপুর এলাকার মাহফুজুর রহমান (৩০) ও হামিম রহমান (১৬)। এ ঘটনায় আহত শিপন নামে একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টাঙ্গাইলের ঘাটাইল প্রতিনিধি জানান, দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুজন। রবিবার রাত সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গোপালপুর উপজেলার কালীমন্দির এলাকার রাশিদুল ইসলাম সোহেল (২৫) ও ঘাটাইল উপজেলার দেওলাবাড়ি ইউনিয়নের খিলগাতী এলাকার মো. মামুন হোসেন (২৪)।
ফেনী প্রতিনিধি জানান, জেলার ফুলগাজীতে রোলার মেশিনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। রবিবার মধ্যরাতে উপজেলার মুন্সিরহাট বাজার এলাকায় কুতুবপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ফুলগাজী উপজেলার পূর্ব ঘনিয়া মোড়া গ্রামের এয়ার আহমদ (৭০) ও পরশুরাম উপজেলার শালধর বাজার এলাকার আবদুল গফুরের ছেলে আবদুর রহিম (৪৩)। এদিকে ওইদিন যাত্রীবাহী বাসচাপায় হালিমা বেগম (৩৭) নামে এক পথচারী নিহত হয়েছেন। একই ঘটনায় তার মেয়ে হানিফা (৪) গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।
