প্রশ্ন ফাঁস

বুয়েটের অধ্যাপক নিখিলসহ ১৬ জনের বিচার শুরু

আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০২:৫৩ এএম

রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে করা মামলায় বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক অধ্যাপক ড. নিখিল রঞ্জন ধরসহ ১৬ আসামির বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। আগামী ২৬ আগস্ট সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।

গতকাল সোমবার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর এ আদেশ দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেন।

গত ২০ এপ্রিল নিখিল রঞ্জন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত। গতকাল অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে নিখিল রঞ্জনের আইনজীবী তুহিন হাওলাদার আবেদন করলেও তা নাকচ করে আদালত।

২০২১ সালের ৬ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির আওতায় রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে অফিসার (ক্যাশ) নিয়োগের প্রাথমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। এ ঘটনায় পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) মামলা করে। তদন্ত শেষে গত বছরের নভেম্বরে ১৫ জনের বিরুদ্ধে ডিবি আদালতে অভিযোগপত্র দিলেও সেখানে নিখিল রঞ্জনের নাম ছিল না। অভিযোগপত্র থেকে তাকে বাদ দেওয়ার বিষয়ে গত ২৫ জানুয়ারি ব্যাখ্যা জানতে চায় আদালত।

গত ৩১ জানুয়ারি ডিবি এ মামলায় সম্পূরক অভিযোগপত্র দাখিল করে যাতে নিখিল রঞ্জনের নাম আসে। ৫ ফেব্রুয়ারি ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করে আদালত।

প্রশ্নপত্র ফাঁসের এ ঘটনায় দায় স্বীকার করে ছয়জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। একাধিক আসামির জবানবন্দিতে বুয়েটের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান নিখিল রঞ্জন ধরের নাম আসে। ইতিমধ্যে তাকে এ পদ থেকে অব্যাহতি দিয়েছে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ।

মামলার অন্য উল্লেখযোগ্য আসামিরা হলেন আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ের আইসিটি টেকনিশিয়ান মুক্তারুজ্জামান রয়েল, অফিস সহায়ক দেলোয়ার হোসেন, জনতা ব্যাংকের গুলশান শাখার কর্মকর্তা শামসুল হক শ্যামল, রূপালী ব্যাংকের সিনিয়র অফিসার জানে-আলম মিলন, পূবালী ব্যাংকের ইমামগঞ্জ শাখার প্রিন্সিপাল অফিসার মো. মোস্তাফিজুর রহমান, ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থী আব্দুল্লাহ আল জাবের ওরফে জাহিদ, পারভেজ মিয়া ও মিজানুর রহমান মিজান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত