চলতি ২০২৩-২৪ অর্থবছর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে রাজস্ব বেড়েছে। গত অর্থবছরের প্রথম মাসের তুলনায় চলতি অর্থবছরের প্রথম মাসে রাজস্ব আয় বেড়েছে ১৬ কোটি টাকার বেশি। বন্দর সংশ্লিষ্টরা বলছেন, পণ্য আমদানি-রপ্তানি বাড়ায় রাজস্ব আয় বেড়েছে।
ভোমরা শুল্ক স্টেশনের দায়িত্বরত কাস্টমসের ডেপুটি সহকারী কমিশনার নেয়ামুল হাসান জানান, গত অর্থবছরের প্রথম মাসের তুলনায় চলতি অর্থবছরের প্রথম মাসে রাজস্ব আহরণের শুরুটা বেশ ভালো। আশা করা হচ্ছে আগামীতে আরও ভালো যাবে রাজস্ব আয়। পণ্য আমদানি-রপ্তানি বেড়ে যাওয়ায় রাজস্ব আয় বেড়েছে। ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব বিভাগের প্রাপ্ত তথ্য থেকে তিনি জানান, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি ২০২৩-২৪ অর্থবছর ভোমরা স্থলবন্দরের জন্য এখন পর্যন্ত কোনো রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেনি। তবে অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এ বন্দরে রাজস্ব আয় হয়েছে ৬০ কোটি ৮৬ লাখ ৭ হাজার ৫৫২ টাকা, যা গত ২০২২-২৩ অর্থবছরের প্রথম মাসের তুলনায় অন্তত ১৬ কোটি টাকার বেশি।
