জেলেনস্কিকে হত্যা চেষ্টার অভিযোগে এক নারী গ্রেপ্তার

আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ১২:৩২ এএম

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে দেশটির গোয়েন্দা সংস্থা এসবিইউ। এক বিবৃতিতে এসবিইউ জানায়, রুশদের কাছে গোয়েন্দা তথ্য পাচারের চেষ্টা করার সময় ওই নারীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। সংস্থাটি জানায়, গত জুন ও জুলাইয়ে জেলেনস্কি বন্যাদুর্গত মাইকোলাইভ সফরে যাওয়ার আগে এ সফরের সময়সূচি পাওয়ার চেষ্টা করছিলেন ওই নারী। জেলেনস্কির সফরের আগেই তার ওপর হামলা হতে পারে এমন পরিকল্পনার কথা গোয়েন্দারা জানতে পেরেছিল বলে জানায় এসবিইউ। এ জন্য সফর ঘিরে নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছিল। ওই নারী গ্রেপ্তার হওয়ার বিষয়ে জেলেনস্কি বলেন, ‘দেশদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ের’ বিষয়ে তাকে হালনাগাদ তথ্য দিয়েছে এসবিইউ। তবে রাশিয়া এই গ্রেপ্তারের খবরে কোনো মন্তব্য করেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত