বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ২০২২-২৩ অর্থবছরে রপ্তানির ৮৪ দশমিক ৫৮ শতাংশ এসেছে তৈরি পোশাক খাত থেকে। অন্যদিকে, রপ্তানি বাজারের ৬২ দশমিক ৮৮ শতাংশই ইউরোপিয়ান ইউনিয়ন (৪৫.৪২ শতাংশ) ও মার্কিন যুক্তরাষ্ট্রের (১৭.৪৬ শতাংশ) মধ্যে কেন্দ্রীভূত। এক্ষেত্রে বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি অব্যাহত রাখতে পণ্য ও বাজার বহুমুখীকরণের বিকল্প নেই। সম্ভাবনাময় পণ্য ও বাজার সম্পর্কিত গবেষণালব্ধ তথ্য এবং উদ্ভাবনী পরামর্শ সেবা রপ্তানি বৃদ্ধিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) এবং বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এই সমঝোতার ফলে দেশি-বিদেশি বিনিয়োগের পথ যেমন সুগম হবে তেমনি প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে পণ্য, সেবা এবং বাজার বহুমুখীকরণের মাধ্যমে সুদৃঢ় ও টেকসই রপ্তানি-নির্ভর অর্থনীতি গড়ে তোলার মাধ্যমে ভিশন ২০৪১ এর সফল বাস্তবায়ন এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সহায়ক হবে। বিএফটিআই ও বিসিআই তার গুণগত মানসম্পন্ন বাণিজ্য বিষয়ক গবেষণা, প্রশিক্ষণ ও নীতিনির্ধারণ প্রক্রিয়ায় পরামর্শ প্রদানের মাধ্যমে দেশের বাণিজ্য সম্প্রসারণে যথাযথ ভূমিকা পালন করবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএফটিআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. জাফর উদ্দীন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিআইর সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ), বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা, বিসিআই এবং বিএফটিআইর কর্মকর্তারা। সমঝোতা স্মারক স্বাক্ষরে বিএফটিআইর পক্ষে বিএফটিআইর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. জাফর উদ্দীন এবং বিসিআইর পক্ষে সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) স্বাক্ষর করেন।
