ইতালিতে যুক্তরাষ্ট্রের এক গুপ্তচরের পরিচয় উন্মোচন করেছে চীন। দেশটির দাবি, সামরিক-শিল্প সংস্থার ওই চীনা কর্মীকে ইতালিতে ফাঁদে ফেলেছিল যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ)। সংবেদনশীল সামরিক তথ্যের বিনিময়ে যুক্তরাষ্ট্রে অর্থ ও অভিবাসনের প্রলোভন দেখানো হয়েছিল চীনের ওই নাগরিককে। চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় এক বিবৃতিতে গতকাল শুক্রবার জানায়, সিআইএর ফাঁদে পড়া চীনা নাগরিকের নাম জেং। তার বয়স ৫২। পড়াশোনার জন্য তিনি ইতালি যান। রোমে যুক্তরাষ্ট্র দূতাবাসে অবস্থানরত ‘সেথ’ নামে এক সিআইএ এজেন্টের সঙ্গে তার বন্ধুত্ব হয়েছিল। সেথ একপর্যায়ে জেং-কে নিজের পরিচয় জানান এবং বিপুল অর্থের পাশাপাশি যুক্তরাষ্ট্রে পরিবারসহ বসবাসের সুযোগের বিনিময়ে তাকে গুপ্তচরবৃত্তির কাজে রাজি করান। সেথের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে গুপ্তচরবৃত্তির একটি চুক্তি সই করেন জেং। এমনকি গুপ্তচরবৃত্তির প্রশিক্ষণও নেন। বেইজিংয়ের এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি ওয়াশিংটন।
×
