সাক্ষাৎকারে শাহবাজ শরিফ

সেনা সমর্থন ছাড়া পাকিস্তানে সরকার চালানো অসম্ভব

আপডেট : ১২ আগস্ট ২০২৩, ০২:০৬ এএম

সেনাবাহিনীর সমর্থন ছাড়া পাকিস্তানে সরকার পরিচালনা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। গত বৃহস্পতিবার দেশটির জিও নিউজে হামিদ মিরের সঞ্চালনায় ক্যাপিটাল টক অনুষ্ঠানে তিনি বলেন, তার সরকারও সেনাবাহিনীর সমর্থন ছাড়া চলতে পারত না।

পাকিস্তানের আরেক সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, অনুষ্ঠানে হামিদ মির তার কাছে জানতে চান ‘পাকিস্তানকে হাইব্রিড শাসনের অন্যতম উদাহরণ হিসেবে ধরা হয়, বিষয়টি নিয়ে তার মতামত কী?’ জবাবে শাহবাজ বলেন, ‘দেখুন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানও সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাওজার ওপর ভীষণভাবে নির্ভরশীল ছিলেন। ইমরান খান তার সময়ে সেনাবাহিনী থেকে নানা ধরনের সমর্থন ও সহায়তা পেয়েছেন। ...আসলে সব সরকারেরই সেনা সমর্থনের দরকার হয়।’

ক্যাপিটাল টক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানান, তার ভাই ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরিফ যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন। তিনি জানান, তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেওয়ার পরপর তিনি লন্ডন সফর করবেন। দেখা করবেন বড় ভাই নওয়াজের সঙ্গে। শাহবাজ শরিফ বলেন, আশা করছি আগামী মাসে নওয়াজ শরিফ পাকিস্তানে ফিরতে পারেন। দেশে ফিরলে তাকে (নওয়াজ) আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।

দেশে ফিরে নওয়াজ শরিফ আগামী নির্বাচনের আগে প্রচারণায় দলের (পিএমএল-এন) হাল ধরবেন বলেও জানিয়েছেন শাহবাজ শরিফ। তবে নওয়াজ কবে পাকিস্তানে ফিরবেন, সেই বিষয়ে সুনির্দিষ্ট কোনো দিন-তারিখের কথা জানাননি শাহবাজ।

দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত নওয়াজ শরিফ ২০১৯ সালে আদালতের অনুমতি নিয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে পাড়ি জমান। এর পর থেকে তিনি সেখানেই আছেন।

এদিকে গত বুধবার পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদ ভেঙে দেওয়া হয়েছে। পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হওয়ার তিন দিন আগে জাতীয় পরিষদ ভেঙে দেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। এখন অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দেবেন শাহবাজ শরিফ। এ সরকারই জাতীয় নির্বাচনের সময় দায়িত্ব পালন করবে।

পাকিস্তানের সংবিধানে বলা আছে, মেয়াদ শেষ হওয়ার আগেই যদি জাতীয় পরিষদ ভেঙে দেওয়া হয়, তবে ৯০ দিনের মধ্যে সাধারণ নির্বাচন করতে হবে। আর জাতীয় পরিষদ মেয়াদ পূর্ণ করলে ৬০ দিনের মধ্যে সাধারণ নির্বাচন হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত