আগস্টে চিনি বিক্রি করতে পারছে না টিসিবি

আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ১২:৪৪ এএম

প্রতি মাসে বিক্রয় কর্মসূচির অংশ হিসেবে আগস্ট মাসের জন্য ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। তবে আমদানিকৃত চিনি এখনো দেশে না আসায় চলতি আগস্ট মাসে চিনি বিক্রি বন্ধ থাকবে।

রবিবার সারা দেশের ফ্যামিলি কার্ডধারী এক কোটি নিম্ন আয়ের পরিবারের মধ্যে চলতি মাসের পণ্য বিক্রি করবে টিসিবি।

গতকাল শনিবার সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পরিবার কার্ডধারী একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল অথবা কুঁড়ার (রাইস ব্র্যান) তেল, দুই কেজি মসুর ডাল ও পাঁচ কেজি চাল কিনতে পারবেন।

সংস্থাটির মুখপাত্র হুমায়ুন কবির বলেন, টিসিবির জন্য বিদেশ থেকে ক্রয়চুক্তির মাধ্যমে যে চিনি আমদানি হয়, তা এখনো এসে পৌঁছায়নি। এ কারণে আগস্টে চিনি বিক্রি করা হবে না।

প্রতি লিটার সয়াবিন বা কুঁড়ার তেলের দাম রাখা হবে ১০০ টাকা করে। এ ছাড়া প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা ও প্রতি কেজি চাল ৩০ টাকায় বিক্রি করবে টিসিবি। সংস্থাটি জানিয়েছে, আগামীকাল (আজ রবিবার) সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন মোহাম্মদপুর টাউন হল বাজারসংলগ্ন ৩১নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের সামনে আগস্ট মাসের বিক্রি কার্যক্রমের উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত