সিলেটে পররাষ্ট্রমন্ত্রী

নির্বাচনের আগে কোনো দেশের সঙ্গে চুক্তি নয়

আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ০১:৪৭ এএম

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, কোনো বিদেশি শক্তির কথায় বাংলাদেশ চলে না। দেশের শাসনতন্ত্র মেনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের জন্য যা কিছু প্রয়োজন তার সবই করেছে সরকার।

গতকাল শনিবার সিলেটে আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে সনদ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নির্বাচনের আগে তড়িঘড়ি করে কোনো দেশের সঙ্গেই নতুন কোনো চুক্তি করবে না বাংলাদেশ। আর এতে দেশের ওপর কোনো প্রভাবও পড়বে না। কারণ বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। দেশ এখন একটি পজিশনে আছে। আমরা ব্যালান্স বৈদেশিক নীতি মেনে চলছি।’

আসন্ন ব্রিকস সম্মেলন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘তারা দাওয়াত দিয়েছে। মনে হয় প্রধানমন্ত্রী সেখানে যাবেন। ব্রিকস যদি এ বছর নতুন কোনো দেশকে অন্তর্ভুক্ত নাও করে তবুও সেখানে গেলে অনেক দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ হবে, বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। ভারতের, চীনের, ব্রাজিলের প্রধানমন্ত্রী সেখানে যাবেন। অনেক ধরনের আলাপ-আলোচনার জন্য এটা ভালো জায়গা।’

এর আগে আরটি আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির অনুষ্ঠানে ড. মোমেন বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার একমাত্র মাধ্যম হচ্ছে শিক্ষা। স্বনির্ভর দেশ গড়তে হলে কারিগরি শিক্ষার বিকল্প নেই। বর্তমান সরকারের গণমুখী বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে মন্ত্রী কারিগরি ও কর্মবান্ধব শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহী করে গড়ে তুলতে শিক্ষক-অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. আবু নাসের জাফর উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা প্রফেসর সৈয়দ মোদাচ্ছের আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. সৈয়দ সাজ্জাদ হোসেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ড. মাহবুবুর রহমান ভূঁইয়া, শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালের পরিচালক প্রফেসর ড. নাহিদ ফেরদৌস। সম্মানিত অতিথির বক্তব্য দেন আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. আহমদ আল কবির।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত