দুই সপ্তাহ শান্ত থাকার পর নতুন সহিংসতায় মণিপুরে অন্তত তিনজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালের রাজ্যটির তুলনামূলক শান্তিপূর্ণ জেলা উখরুলে এই ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তিরা স্থানীয় কুকি সম্প্রদায়ের। মিয়ানমারঘেঁষা জেলাটি নাগা অধ্যুষিত। নতুন অঞ্চলে সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে প্রশাসন।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানাচ্ছে, নিহত তিন ব্যক্তির নাম থাংখোকাই হাওকিপ, জামখোগিন হাওকিপ এবং হলেনসন বেইট। উখরুলের পুলিশ সুপার নিংশেম ভাসুম বলেছেন, নিহত ব্যক্তিরা গ্রাম পাহারার দায়িত্বে ছিলেন। গ্রামটি কুকিদের নিয়ন্ত্রণে ছিল। সেখানে নতুন এই সমস্যা উদ্বেগের।
সংবাদমাধ্যমটি বলছে, এর আগে মেইতেই-অধ্যুষিত বিষ্ণুপুর, ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব, কাকচিং এবং কুকি-জোমি অধ্যুষিত চুড়াচাঁদপুর এবং কাংপোকপি জেলায়। উখরুল প্রায় শান্তই ছিল।
পুলিশ সুপার ভাসুমের ভাষ্য, ঘটনটি রাজ্যে চলমান জাতিগত সমস্যার সঙ্গে সম্পর্কিত। কিছু সশস্ত্র দুষ্কৃতকারী গ্রামে প্রবেশ করে। যে তিন ব্যক্তি মারা গেছেন, তারা গ্রাম পাহারা দিচ্ছিলেন। দুষ্কৃতকারীরা এই তিন ব্যক্তিকে গুলি করে হত্যা করেন। তিনি জানান, ওই এলাকায় সেনাবাহিনী ও পুলিশ সমন্বিত নিরাপত্তাবাহিনী এলাকায় মোতায়েন করা হয়েছে।
