আলোচনা সভায় কাদের

চিহ্নিত করতে হবে ছাত্রলীগে কারা অনুপ্রবেশকারী

আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ০৬:২৮ এএম

আওয়ামী লীগ শান্তিপূর্ণ নির্বাচন চায় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সন্ত্রাসী দল বিএনপি চায় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে। কাজেই নিষেধাজ্ঞা আর ভিসানীতি কার ওপর প্রয়োগ হয় তাই  দেখা হবে।’ গতকাল শুক্রবার ঢাকা বিশ^বিদ্যালয়ে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় ওবায়দুল কাদের এ কথা বলেন। খবর বাসস।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে সংগঠনের সাবেক এই নেতা বলেন, অনেক জায়গায় ছাত্রলীগের কমিটি নেই। অবিলম্বে কমিটি দিতে হবে। ছাত্রলীগে কারা অনুপ্রবেশকারী তাদের চিহ্নিত করে সংগঠনকে সৃজনশীল সংগঠন হিসেবে বজায় রাখতে হবে।

ওবায়দুল কাদের বলেন, ‘ফ্যাসিবাদ কাকে বলে তার জ¦লন্ত প্রমাণ বিএনপি। তারা ফ্যাসিবাদ করেছে; আর শেখ হাসিনা গণতন্ত্রকে শৃঙ্খলামুক্ত করেছেন। বিএনপি গণতন্ত্রকে ধ্বংস করেছে, অর্থ পাচার করেছে, গণতন্ত্রকে হত্যা করে ভোট চুরির রাজনীতি শুরু করেছে। বিএনপি গণতন্ত্রের নামের লেবাসধারী ফ্যাসিস্ট। তারাই আন্তর্জাতিক মহলে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত, তাদের বিরুদ্ধেই আমাদের যুদ্ধ।’

বাংলাদেশের নির্বাচন নিয়ে বিদেশিদের মাথাব্যথা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তারা ধমক মারে, হুমকি দেয়, এখন আবার ভিসানীতি প্রয়োগ করেছে। অথচ এমন হুমকি বিএনপির  বেলায় নেই। কিন্তু নির্বাচনে বাধা দিচ্ছে বিএনপি।’

ওবায়দুল কাদের বলেন, ‘গরুর হাট গোলাপবাগে বিএনপির কর্মীরা হতাশায় ছিল। এখন সরকারের পদত্যাগ চাওয়ার আন্দোলনে কর্মীদের দুই থেকে পাঁচ হাজার টাকা দিয়ে আন্দোলন করাতে ঢাকায় আনা হচ্ছে।’ তত্ত্বাবধায়ক সরকার চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে পাকিস্তানে যাওয়ার পরামর্শ দেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ^বিদ্যলয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত প্রমুখ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত