সাঈদীর মৃত্যুতে শোক-বহিষ্কার চলছেই

আপডেট : ২০ আগস্ট ২০২৩, ০২:০৪ এএম

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর সদ্য প্রয়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস ও মন্তব্য করায় ফেনীর ২০ নেতাকে সংগঠন থেকে অব্যাহতি দিয়েছে ছাত্রলীগ। গতকাল শনিবার সন্ধ্যায় জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহম্মদ তপু ও সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। যদিও সংবাদ বিজ্ঞপ্তিতে সাঈদীর বিষয়টি উল্লেখ করা হয়নি।

এদিকে একই কারণে যশোর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন এবং পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মো. জাহিদ খানকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ নিয়ে সাঈদী ইস্যুতে দেশজুড়ে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের প্রায় ১০০ নেতাকর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করা হলো।

ফেনীর ছাত্রলীগ নেতাদের অব্যাহতি দেওয়াসংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা ও নীতি-আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় ফেনী জেলা ছাত্রলীগের ছাত্রবৃত্তি সম্পাদক নজরুল ইসলাম জাবেদ, সদস্য আব্দুল্লাহ আল মামুন ও রাকিব উদ্দিন, ফেনী কলেজ ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিবলু ও মোস্তাফিজুর রহমান রিয়াদ, সাংগঠনিক সম্পাদক ওসমান গণি শুভ, উপদপ্তর সম্পাদক আল মামুন, সমাজসেবা সম্পাদক আবদুল্লাহ আল আরাফাত, উপবিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু সাঈদ, ফেনী সদর উপজেলা ইউনিটের সহসম্পাদক হাসান আহাম্মদ, ছনুয়া ইউনিয়ন সভাপতি জামাল উদ্দিন রাজু, ফেনী পৌর ক্রীড়া সম্পাদক শরিফ উদ্দিন ফরহাদ ও শিক্ষা সম্পাদক জাহিদুল ইসলাম মুন্না, দাগনভূঞা উপজেলা প্রচার সম্পাদক ফজলুর রহমান এবং তথ্য ও গবেষণা সম্পাদক জোবায়েদ হোসেন বাদল, দাগনভূঞা পৌর সাংগঠনিক সম্পাদক নাজমুল হক পরান, ইকবাল মেমোরিয়াল সভাপতি জাহিদ হাসান শুভ, সোনাগাজী উপজেলা উপবিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক শেখ রাসেল, মতিগঞ্জ ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন রনি ও ফুলগাজী উপজেলা উপগণশিক্ষা সম্পাদক আনোয়ার হোসেনকে নিজ নিজ পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

এ ব্যাপারে জানতে চাইলে ফেনী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নুর করিম জাবেদ বলেন, ‘সাঈদীকে নিয়ে পোস্ট দেওয়ার পর নেতাকর্মীদের ফেসবুক আইডি নজরদারি করা হয়। সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করার সুযোগ নেই। নীতি-আদর্শ পরিপন্থী কাজের জন্য তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।’

সাঈদীর মৃত্যু নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় যশোর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে স্থায়ী বহিষ্কার করার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগকে সুপারিশ করা হয়েছে। যশোর জেলা ছাত্রলীগ সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সংগঠনের নীতি ও আদর্শবিরোধী কাজে জড়িত থাকায় মারুফ হোসেনকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং কেন্দ্রীয় কমিটির কাছে স্থায়ী বহিষ্কারের অনুরোধ করা হয়েছে।’ তবে সুনির্দিষ্ট কী কারণে মারুফ হোসেনকে বহিষ্কার করা হয়েছে, সেটা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। তবে জেলা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, ১৪ আগস্ট সাঈদীর মৃত্যুর পরে মারুফ হোসেন তার ফেসবুক আইডিতে সাঈদীর ছবিসংবলিত সংবাদ কার্ড শেয়ার করেন। একই সঙ্গে তার আত্মার মাগফিরাত কামনা করেন। এরপর থেকে যশোর আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর নেতারা মারুফের পোস্টটির স্ক্রিনশট দিয়ে সমালোচনা ও তাকে বহিষ্কারের দাবি জানান। তবে কয়েক ঘণ্টা পর ছাত্রলীগ নেতা মারুফ আবার সেই পোস্ট মুছে ফেলেন।

এ বিষয়ে মারুফ হোসেন বলেন, ‘১৩ আগস্ট আমার ফেসবুক আইডি হ্যাক হয়। পরে আমার বন্ধুরা জানান হ্যাককৃত আইডি থেকেই সাঈদীকে নিয়ে একটা পোস্ট হয়েছে। আমার আইডিটা ফিরে পেয়েছি। এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় জিডিও করেছি।’

এ বিষয়ে জেলা ছাত্রলীগ সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস বলেন, ‘সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদককে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে।’

অন্যদিকে সাঈদীর মৃত্যুতে দোয়া চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মো. জাহিদ খানকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গত শুক্রবার রাতে দুমকি উপজেলা ছাত্রলীগ সভাপতি রফিকুল ইসলাম জীবন ও সাধারণ সম্পাদক সবুজ সিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপ্তিতে বলা হয়, ‘উপজেলা ছাত্রলীগের জরুরি সিদ্ধান্তে মো. জাহিদ খান সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে লিপ্ত থাকায় তাকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হলো। একই সঙ্গে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য পটুয়াখালী জেলা ছাত্রলীগকে সুপারিশ করা হলো।’

এ বিষয়ে মুরাদিয়া ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. সিফাত হোসেন বলেন, ‘দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর খবরে এই ছাত্রলীগ নেতা (জাহিদ খান) তার নিজ ফেসবুক আইডিতে দোয়া চেয়েছেন। ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে এভাবে যারা সংগঠনবিরোধী কার্যকলাপে যুক্ত হবেন, তাদেরও ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হবে।’

সংশ্লিষ্ট জেলা ও উপজেলার প্রতিনিধিদের পাঠানো তথ্যে প্রতিবেদনটি তৈরি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত