মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর সদ্য প্রয়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস ও মন্তব্য করায় ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আরও ২১ নেতাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর মধ্যে লালমনিরহাটে ১৩ ও ভোলায় ছাত্রলীগের চার নেতাকর্মী, খুলনায় যুবলীগের দুই নেতা এবং কুমিল্লায় স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ নিয়ে সাঈদী ইস্যুতে দেশজুড়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম, অঙ্গ ও সহযোগী সংগঠন তিনটির বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকে বহিষ্কার করা হলো।
সংগঠনবিরোধী ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে লালমনিরহাটে ১৩ ছাত্রলীগ নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত শনিবার রাতে জেলা ছাত্রলীগ সভাপতি রাশেদ জামান ও সাধারণ সম্পাদক আরিফ ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বহিষ্কৃতরা হলেন জেলা শাখার সহসভাপতি হুমায়ুন কবীর হিরু, কালীগঞ্জের চলবলা ইউনিয়ন শাখার সভাপতি সাইদুল ইসলাম সুমন, হাতীবান্ধার গড্ডিমারী ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হাসান ভূঁইয়া, হাতীবান্ধার গোতামারী ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মোনাবেরুল হক মিশেল, কালীগঞ্জের উত্তরণ ডিগ্রি কলেজের কর্মী মামুনুর রশিদ লিওন খান, হাতীবান্ধার টংভাঙ্গা ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন সাগর, সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের সহসভাপতি আমিনুল ইসলাম রানা, একই ইউনিয়নের আইনবিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রবিন, লালমনিরহাট পৌর শাখার ৪ নম্বর ওয়ার্ড সহসভাপতি শ্রাবণ হোসেন, মোগলহাট ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম ইসলাম, লালমনিরহাট পৌর শাখার সদস্য ইসমাইল হোসেন আদর, পাটগ্রামের জোংড়া ইউনিয়নের সদস্য সহিদ ও পাটগ্রাম পৌর শাখার ৭ নম্বর ওয়ার্ড সদস্য ইবনে রসিদ। একই সঙ্গে তাদের স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সুপারিশ পাঠানো হয়েছে।
এ ছাড়া একই ইস্যুতে ভোলার দৌলতখান উপজেলা ছাত্রলীগের চার নেতাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার রাতে জেলা ছাত্রলীগ সভাপতি রায়হান আহমেদ ও সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ হিমেল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। অব্যাহতি পাওয়ারা হলেন দৌলতখান উপজেলা শাখার সহসভাপতি নাবিউর রহমান রাফি, মেহেরাব হোসেন মিরাজ, সাংগঠনিক সম্পাদক মাশরাফি চৌধুরী ও প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রাজ।
একই কারণে খুলনার রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. তারেক আজিজ ও জ্যেষ্ঠ সহসভাপতি মো. আশিক ইকবালকে যুবলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় রূপসা উপজেলা যুবলীগের এক জরুরি সভায় তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। রূপসা উপজেলা যুবলীগের আহ্বায়ক এ বি এম কামরুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে তাদের বহিষ্কারের কথা জানানো হয়।
এ ছাড়া সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে পোস্ট দেওয়ায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে সংগঠন থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তারা হলেন নাঙ্গলকোট উপজেলা শাখার সহসভাপতি মো. জসিম উদ্দিন ও আদ্রা দক্ষিণ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ভুট্টু। গত শনিবার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আল-আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
সংশ্লিষ্ট জেলা, উপজেলা ও অঞ্চলের প্রতিনিধি এবং সংবাদদাতাদের পাঠানো তথ্যে প্রতিবেদনটি তৈরি
