ডেঙ্গুতে মৃত্যু ৬০০ ছুঁইছুঁই

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২২ এএম

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তরুণ অভিনয়শিল্পী নিশাত আরা আলভিদা মারা গেছেন। গত বৃহস্পতিবার রাজধানী ঢাকার নিজ বাসায় মৃত্যু হয় এইচএসসি পরীক্ষার্থী তরুণ এ অভিনয়শিল্পীর। তার মৃত্যুর খবর নিশ্চিত করে পরিবারের সদস্যরা সাংবাদিকদের জানিয়েছেন, চার দিন আগে হঠাৎ জ¦রে আক্রান্ত হন নিশাত। প্রথমে বাড়িতে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এরপর শরীরে প্লাটিলেট বৃদ্ধি পাওয়ায় বাড়িতে নিয়ে আসা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। নিজ বাসাতেই প্রাণ হারান এ অভিনেত্রী।

জানা গেছে, চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন নিশাত। সর্বশেষ হিসাববিজ্ঞান পরীক্ষাও দিয়েছিলেন। কিন্তু বাকি পরীক্ষাগুলোতে আর অংশ নেওয়া হলো না। তার আগেই না ফেরার দেশে পাড়ি জমালেন ১৯ বছর বয়সী এই অভিনয়শিল্পী। গত বৃহস্পতিবার রাতেই নিশাতের মরদেহ তার দেশের বাড়ি নাটোরে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার দাফন সম্পন্ন হয়েছে।

এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আগের ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে চারজনের মৃত্যু হয়েছে বলে গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে জানানো হয়। এ সময় ১ হাজার ৫৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটির ৫৮৯ এবং বাইরে ৯৪৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৮ হাজার ৩৪৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২৫ হাজার ৩৪২ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ১৬ হাজার ৩৯৭ জন। মারা গেছেন ৫৯৭ জন। এর মধ্যে ঢাকায় ৪৩৯ এবং বাইরে ১৫৮ জন।

সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল স্কুলছাত্রীর : সাভারে ডেঙ্গু আক্রান্ত হয়ে রওনক মৃধা (১১) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত কয়েক মাস ধরে সাভারে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেলেও এই প্রথম কোনো মৃত্যুর ঘটনা ঘটল। গতকাল এ শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে তার মৃত্যুর বিষয়টি জানানো হয়। গত বৃহস্পতিবার বেলা ৩টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রওনক মৃধার। সে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের শিমুলতলা এলাকার মহসিন মৃধার মেয়ে এবং স্থানীয় সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইনচার্জ নাছির উদ্দিন বলেন, ‘গত ২৮ আগস্ট আইসিইউতে রওনক নামে ডেঙ্গু আক্রান্ত এক শিশুকে ভর্তি করা হয়। সে ১৪ নম্বর বেডেই চিকিৎসাধীন ছিল। পরে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়।’

* প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়েছেন সাভার প্রতিনিধি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত