মাখোঁর সফরে গুরুত্ব জলবায়ু প্রতিরক্ষায়

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৮ এএম

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলন শেষে ১০ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসছেন। তাকে বরণ করতে প্রস্তুতি নিচ্ছে ঢাকা। মাখোঁকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, ফ্রান্সের প্রেসিডেন্টের এ সফরে দ্বিপক্ষীয় আলোচনায় জলবায়ু পরিবর্তন, প্রতিরক্ষা সহযোগিতা এবং দেশটি থেকে স্যাটেলাইট কেনাসহ বেশ কয়েকটি বিষয় গুরুত্ব পাবে।

গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, শেখ হাসিনার আমন্ত্রণে ফ্রান্সের প্রেসিডেন্ট আগামী ১০ সেপ্টেম্বর বাংলাদেশ সফর করবেন। এ সময় তিনি ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। এদিন ফরাসি প্রেসিডেন্টের সম্মানে আয়োজিত ভোজসভায় যোগ দেবেন। দুই নেতা দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর এবং একটি যৌথ প্রেস ব্রিফিংয়ে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্টকে স্বাগত জানাবেন এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন তাকে বিদায় জানাবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে এর আগে গত সোমবার ঢাকায় ফ্রান্স দূতাবাসের এক ফেসবুক পোস্টে বলা হয়, জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ আগামী ৯ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে যাবেন। সেখান থেকে দ্বিপক্ষীয় সফরে ১০ সেপ্টেম্বর ঢাকায় আসবেন তিনি।

ফ্রান্সের প্রেসিডেন্টের সফরে আলোচনার বিষয়ে জানতে চাইলে মোমেন গত রবিবার সাংবাদিকদের বলেন, ‘আমাদের অনেকগুলো ইস্যু আছে। যেমন রোহিঙ্গা, নারীর ক্ষমতায়ন, বিনিয়োগ বাড়ানো, ব্যবসা-বাণিজ্য বাড়ানো। একই সঙ্গে নিয়মিত অভিবাসন ইস্যু থাকে। এগুলো আমাদের সাধারণ ইস্যু। ক্লাইমেট (জলবায়ু) বড় ইস্যু, বিশেষ করে ফ্রান্সের সঙ্গে। এ বিষয়ে ফ্রান্স লিডারশিপ রোল প্লে করে। তাকে আমরা বলতে চাই, লস অ্যান্ড ড্যামেজ ইস্যুটা তহবিল করার জন্য উদ্যোগ নেন, তিনি টাকা সংগ্রহে উদ্যোগ নেবেন।’

২০২১ সালে প্যারিসে শেখ হাসিনাকে স্বাগত জানিয়েছিলেন ইমানুয়েল মাখোঁ। এরপর থেকে উভয়পক্ষই প্রতিরক্ষা সম্পর্ক বাড়ানোর বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। এবারের সফরেও বিষয়টি নিয়ে আলোচনা এগোবে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া এই সফরে ফ্রান্স থেকে স্যাটেলাইট কেনার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও চুক্তি হতে পারে।

জানা গেছে, বাংলাদেশকে চারটি ছোট পর্যবেক্ষণ স্যাটেলাইট কেনার প্রস্তাব দিয়েছে ফ্রান্স। এ স্যাটেলাইটগুলো তৈরি করবে এয়ারবাস। চুক্তি সইয়ের প্রথম দিন থেকে কনস্টেলেশন সেবা যুক্ত থাকবে, যাতে একে অন্যের স্যাটেলাইট ব্যবহার করে তথ্য ও ছবি সংগ্রহ করতে পারবে উভয় দেশ। চারটি স্যাটেলাইটের প্রথম দুটি স্যাটেলাইট তৈরি হবে ফ্রান্সে। এ দুটি তৈরির পাশাপাশি বাংলাদেশে একটি স্যাটেলাইট সংযোজন কারখানা স্থাপন করবে এয়ারবাস। এরপর বাকি স্যাটেলাইট দুটি তৈরি হবে বাংলাদেশে। এতে পূর্ণ প্রযুক্তি হস্তান্তর করা হবে। সেই সঙ্গে তৈরি হবে যন্ত্রাংশ উৎপাদন কারখানা। চুক্তি সই থেকে প্রকল্প বাস্তবায়নে ছয় বছর সময় ধরা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত