ডেঙ্গুতে মৃত্যু ৬৫০ ছাড়াল

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫১ এএম

দেশে এ বছর ডেঙ্গুতে মৃত্যু সাড়ে ৬০০ ছাড়াল। গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে আরও ১১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মোট মৃত্যু দাঁড়াল ৬৫৭ জনে। এই সংখ্যক মৃত্যু এযাবৎকালের সর্বোচ্চ রেকর্ড।

ডেঙ্গুতে মোট মৃত্যুর মধ্যে এ মাসের গত পাঁচ দিনেই মারা গেছে ৬৪ জন। অর্থাৎ এ সময় দৈনিক গড় মৃত্যু ছিল ১৩ জনের মতো। এর আগে গত মাসে মারা যায় ৩৪২ জন। সে সময় দৈনিক গড় মৃত্যু ছিল ১১ জন করে। সে হিসেবে এ মাসে মৃত্যু বেড়েছে।

এ বছর বেশি মারা গেছেন নারীরা। যেখানে নারী ডেঙ্গু রোগীর সংখ্যা মোট রোগীর ৩৮ শতাংশ, সেখানে নারীর মৃত্যু মোট মৃত্যুর ৫৮ শতাংশ। অন্যদিকে, পুরুষরা যেখানে আক্রান্ত হয়েছে ৬২ শতাংশ, সেখানে তারা মারা গেছেন ৪২ শতাংশ। এখন পর্যন্ত নারী ডেঙ্গু রোগী ৩৮০ জন ও পুরুষ ২৭৭ জন মারা গেছে। গত ২৪ ঘণ্টায় ঢাকার চেয়ে ঢাকার বাইরে সর্বোচ্চ রোগী ভর্তির নতুন রেকর্ড হয়েছে। এ সময় ঢাকায় ভর্তি হয়েছে ৯৫১ জন ও ঢাকার বাইরে ১ হাজার ৮৩১ জন। অর্থাৎ ঢাকার চেয়ে ঢাকার বাইরে ৮৮০ জন রোগী বেশি পাওয়া গেছে। ঢাকার চেয়ে ঢাকার বাইরে এই ব্যবধান এটাই সর্বোচ্চ। এর আগে সর্বোচ্চ ব্যবধান ছিল দুদিন আগে গত রবিবার, ৮২৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অনুযায়ী গত ২৪ ঘণ্টায়  ২ হাজার ৭৮২ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছে ৯৫১ জন ও ঢাকার বাইরে ১ হাজার ৮৩১ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ১৩২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছে। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪ হাজার ৪৯ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৮৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত