চলতি মাসেই উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন রাশিয়া সফরে যেতে পারেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা দপ্তর। তাদের আশঙ্কা এ সফরে দেশ দুটি অস্ত্র চুক্তি করতে পারে। গতকাল বুধবার এক প্রতিবেদনে আলজাজিরা জানায়, এই শঙ্কা থেকে ওয়াশিংটন হুমকি দিয়ে বলেছে, ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকে অস্ত্র দিলে উত্তর কোরিয়াকে এর মূল্য দিতে হবে। এর আগে গত মঙ্গলবার হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সুলিভান বলেন, ‘উত্তর কোরিয়া এরই মধ্যে বিশ্ব মঞ্চে কোণঠাসা। তাদের কার্যত কোনো বন্ধু নেই। এই পরিস্থিতিতে রাশিয়ার কাছে অস্ত্র বিক্রি করলে কঠিন মূল্য চুকাতে হবে পিয়ংইয়ংকে।’ ক্রেমলিন অবশ্য যুক্তরাষ্ট্রের এ দাবির বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে এবং জোর দিয়ে বলেছে, এ ব্যাপারে এখনো তাদের ‘কিছু বলার নেই’। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বেশ জোরালোভাবেই প্রকাশ পেয়েছে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু গত জুলাই মাসে উত্তর কোরিয়া সফর করেন এবং কিমের সঙ্গে দেখা করেন। রুশ প্রতিরক্ষামন্ত্রী সে সময় কিমের অস্ত্রভাণ্ডারও পরিদর্শন করেন।
×
