হুন্ডি, অনলাইন গ্যাম্বলিং, গেমিং, বেটিং, ফরেক্স এবং ক্রিপ্টোকারেন্সির অবৈধ লেনদেন বেড়েছে। মোবাইল ব্যাংকিংসহ ডিজিটাল পেমেন্ট সিস্টেম ব্যবহার করে সহজে হুন্ডিসহ এসব অবৈধ লেনদেন চলছে। ফলে একদিকে মুদ্রা পাচার বেড়েছে অন্যদিকে দেশ প্রচুর বৈদেশিক মুদ্রা হারাচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতি।
আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট ও বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এবং বিকাশ, নগদ, রকেট ও উপায়ের এমডি ও সিইওদের সঙ্গে এক বৈঠকে এসব তথ্য জানানো হয়। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে এ সভা হয়।
বিএফআইইউ প্রধান মো. মাসুদ বিশ্বাসের সভাপতিত্বে এ সভা হয়। অনলাইনে জুয়া ও অবৈধ বাণিজ্যের লেনদেন যেন মোবাইলে আর্থিক সেবার (এমএফএস) মাধ্যমে না হয়, এজন্য এ সভা আহ্বান করেন বিএফআইইউ প্রধান।
বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, আজকের সভায় অবৈধ হুন্ডি, অনলাইন গ্যাম্বলিং, বেটিং, ফরেক্স ও ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রচার-প্রচারণা বাড়ানোর তাগিদ দিয়েছেন বিএফআইইউ প্রধান।
