কাদেরকে ফখরুল

সেলফির ছবিটা গলায় ঝুলিয়ে ঘুরে বেড়ান

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৬ এএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই জাতির দুর্ভাগ্য কি জানেন? বেসিক জায়গায় কেউ যাই না, সেলফির মতো ইস্যুতে যাই। ওবায়দুল কাদের (আওয়ামী লীগের সাধারণ সম্পাদক) নাকি বলেছেন ফখরুল এখন কী বলবেন? আমি বলি, এখন আমার পরামর্শটা আপনি (ওবায়দুল কাদের) নেবেন? সেলফির ওই ছবিটা বাঁধিয়ে গলার মধ্যে ঝুলিয়ে ঘুরে বেড়ান। এটা (সেলফির ছবি) আপনাদের যথেষ্ট সাহায্য করবে। আপনারা বুঝানোর চেষ্টা করুন জো বাইডেন আমাদের সঙ্গে আছেন।

গতকাল রবিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল এ কথা বলেন। ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমান মারা যান।

মির্জা ফখরুল বলেন, এত দেউলিয়া, এত নিঃস্ব হয়ে গেছেন আপনারা, বাইডেনের সঙ্গে একটা সেলফি তুলে এখন ঢাকঢোল পিটাচ্ছেন আহা আমরা জিতে গেছি। জিতাবে তো বাংলাদেশের মানুষ ভোটের মাধ্যমে। সেই ভোটটা ঠিক মতো হওয়ার ব্যবস্থা করেন। তা না হলে কোনো বাইডেনই আপনাদের রক্ষা করতে পারবে না, সেলফিও রক্ষা করতে পারবে না। ভারতে গিয়ে যে সমস্ত কথাবার্তা বলেছেন, বলছেন, যেখানেই যান, বাইডেনের যত ছবি দেখাতে চানÑ যদি জনগণ ভোট দিতে না পারে, তাহলে তারা কখনো আপনাদের ক্ষমা করবে না। আপনারা ক্ষমতায় টিকেও থাকতে পারবেন না।

তিনি বলেন, কয়েকদিন আগে প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্স করে কী বলেছেন? আমেরিকা সেন্টমার্টিন দ্বীপ চায়। দিচ্ছেন না সেজন্য নাকি ক্ষমতা থেকে সরাতে চায়। এখন এই (সেলফি) দেখে কী বুঝব আমরা, আপনি সেন্টমার্টিন দ্বীপ দিয়ে দিয়েছেন। এটা যুক্তরাষ্ট্র। সেলফির জন্য র‌্যাবের ওপর স্যাংশন উঠে যায়নি, ভিসানীতির পরিবর্তন হয়নি, ডেমোক্রেসি কনভেনশন ডেকে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়নি। সুতরাং ভেবেচিন্তে কথা বলবেন।

বিএনপি মহাসচিব বলেন, বাইডেন বা আমেরিকা গণতন্ত্রের পক্ষের শক্তি। খুব পরিষ্কার করে বলেছে, বাংলাদেশে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই। আমরা এটাকে গুরুত্ব দিই। আমরা জনগণের মতামতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই। দেশের সব রাজনৈতিক দল এক হয়েছে পরিষ্কার ভাষায় বলেছে, পদত্যাগ করুন, সংসদ বিলুপ্ত করুন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন।

দেশের অর্থনৈতিক ভিত্তি তৈরি, অর্থনৈতিক উন্নয়ন এবং স্থিতিশীল সামষ্টিক অর্থনীতির সফল বাস্তবায়নে এম সাইফুর রহমানের নানা সৃজনশীল পদক্ষেপের কথা তুলে ধরেন বিএনপি মহাসচিব।

সংগঠনের সভাপতি প্রয়াত সাইফুর রহমানের ছেলে এম নাসের রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব সিলেট মহানগরের সভাপতি এম কাইয়ুম চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন।

এদিকে সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, অযোগ্যতা ও দুর্নীতির কারণে ডেঙ্গু প্রতিরোধে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণে সিটি করপোরেশন একেবারে নির্বিকার। ডেঙ্গু জ্বরে কাঁপছে বাংলাদেশ। প্রতিদিনই গড়ে প্রায় ২০ জন করে মানুষ মারা যাচ্ছে।

ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসা সরঞ্জামের দাম বৃদ্ধি, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির করপোরেশন ডেঙ্গু প্রতিরোধের নামে ‘হাজার কোটি টাকা’ দুর্নীতির চিত্র তুলে ধরে দুই মেয়রের পদত্যাগ দাবি করেন তিনি। ডেঙ্গু পরিস্থিতি প্রতিরোধে নেতাকর্মীদের এগিয়ে পাশে আসার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতা ফরহাদ হালিম ডোনার, ডা. রফিকুল ইসলাম, ড্যাবের হারুন আল রশিদ, আবদুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সাবেক ২৫ জন কর্মকর্তা বিএনপিতে যোগ দিয়েছেন। রবিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন। এ সময় মির্জা ফখরুল তাদের ফুল দিয়ে বরণ করে নেন। এই ২৫ কর্মকর্তার মধ্যে সেনাবাহিনীর ১৯ জন, নৌবাহিনীর দুজন এবং বিমানবাহিনীর চারজন কর্মকর্তা রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত