১৪ কোম্পানি পরিদর্শন করছে ডিএসই

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০১:২০ এএম

বছরের পর বছর খারাপ পারফর্ম করছে তালিকাভুক্ত এমন ১৪টি কোম্পানির কারখানা পরিদর্শন করার সিদ্ধান্ত নিয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। ইতিমধ্যে সাতটি কোম্পানি পরিদর্শনও করেছে স্টক এক্সচেঞ্জটির কর্মকর্তারা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো নর্দার্ন জুট মিলস, ন্যাশনাল ফিড মিলস, ফরচুন শু, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি, দুলামিয়া কটন স্পিনিং মিলস, ফ্যামিলিটেক্স (বিডি), কেয়া কসমেটিকস, খান ব্রাদার পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, রিজেন্ট টেক্সটাইল মিলস, দ্য ঢাকা ডায়িং, উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি, জাহিন স্পিনিং এবং জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ।

ডিএসইর একজন শীর্ষ কর্মকর্তা কোম্পানির কারখানা পরিদর্শনের তথ্য নিশ্চিত করে জানিয়েছেন যে, তারা ইতিমধ্যেই পরিদর্শনের জন্য ৪২টি কোম্পানিকে বেছে নিয়েছে। কারণ এই প্রতিষ্ঠানগুলো হয় লোকসানের মধ্যে রয়েছে, বার্ষিক সাধারণ সভা করতে ব্যর্থ হয়েছে বা বহু বছর ধরে তাদের কারখানা বন্ধ রেখেছে।

তিনি জানান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ডিএসইকে প্রথম পর্যায়ে ১৪টি কোম্পানি পরিদর্শনের অনুমতি দিয়েছে, ইতিমধ্যে তাদের প্রায় অর্ধেক পরিদর্শন সম্পন্ন হয়েছে। এখন পুঁজিবাজার নিয়ন্ত্রককে পাঠানোর জন্য পরিদর্শন প্রতিবেদন তৈরি করা হচ্ছে বলেও জানান তিনি।

বর্তমানে কিছু কোম্পানি পারফরম্যান্স নিয়ে হিমশিম খাচ্ছে, কিন্তু তাদের শেয়ারের দাম ক্রমাগত বাড়ছে। তাই এসব জাঙ্ক কোম্পানি এবং কম পারফরমিং কোম্পানির ব্যবসায়িক সম্ভাবনা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে ডিএসই।

অবশ্য এসইসির কর্মকর্তারা জানিয়েছেন, তারা ডিএসইর ৪২টি কোম্পানিকে পরিদর্শনের তাগিদ প্রয়োজনীয় কি না তা বিশ্লেষণ করছেন। ১৪ কোম্পানির পর ডিএসই আরও কিছু কোম্পানি পরিদর্শনের অনুমতি চেয়েছিল কিন্তু তাতে এখনো সম্মতি দেওয়া হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত