পূজায় ৫ হাজার টন ইলিশ রপ্তানি হতে পারে : বাণিজ্যমন্ত্রী

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৫ এএম

এবারের দুর্গাপূজায় সর্বোচ্চ পাঁচ হাজার টন ইলিশ রপ্তানি করা হতে পারে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের উৎপাদন, চাহিদা ও মূল্য পরিস্থিতি’ পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ তথ্য জানান তিনি।

এখন ইলিশের মৌসুম, বাজারে চড়া দাম। তারপরও ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কী পরিমাণ রপ্তানি করা হবে, এতে বাজারে কোনো নেতিবাচক প্রভাব পড়বে কি নাÑ এমন প্রশ্নে বাণিজ্যমন্ত্রী বলেন, ইলিশ আমরা নিয়মিত রপ্তানি করি না। শুধু দুর্গাপূজায় যেসব বাঙালি আমাদের মতো ইলিশ খেয়ে থাকেন, তাদের জন্য এই উৎসবের সময় শুভেচ্ছাস্বরূপ ইলিশ দেওয়া হয়। যেমন আমের সময়, আমরা আম পাঠাই। সারা বছর কিন্তু আমরা এক ছটাকও ইলিশ রপ্তানি করিনি। এই ১৫ দিন কিংবা এক মাসের জন্য টোকেনস্বরূপ কিছু ইলিশ রপ্তানি করব।

দেশে বছরে ছয় লাখ টন ইলিশ উৎপাদন হয়, এমন তথ্য জানিয়ে মন্ত্রী বলেন, সেই হিসাবে প্রতিদিন যদি আমরা ধরি, তাহলে গড়ে দুই হাজার টন ইলিশ ধরা হয়। বড়জোর পাঁচ হাজার টন ইলিশ রপ্তানি করব। তাতে দুদিনের উৎপাদন আমরা তাদের দেব এই পূজার সময়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত