নেশার নতুন ঢেউয়ে নাজেহাল যুক্তরাষ্ট্র

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৬ পিএম

হেরোইন-কোকেনের মতো মাদকে দীর্ঘদিন ধরে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে। তবে ভয়াবহতার দিক দিয়ে এই দুই মাদককে ছাড়িয়ে গেছে ফেন্টানিল। এটি এক ধরনের সিনথেটিক মাদক যা হেরোইনের চেয়ে ৫০ গুণ বেশি শক্তিশালী। ভয়ংকর এই মাদকের নতুন ঢেউ সামলাতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটিতে নেশার নতুন ঢেউ এতটাই বিস্তৃত যে এর প্রকট প্রভাব দেখা গেল শিশু দিবাযত্ন কেন্দ্র থেকে শুরু করে সুদূর সামরিক ঘাঁটিতেও।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে একটি শিশু দিবাযত্ন কেন্দ্রে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ফেন্টানিলসহ অন্যান্য মাদক ও মাদকসংশ্লিষ্ট সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। সম্প্রতি এই দিবাযত্ন কেন্দ্রে (ডে কেয়ার সেন্টার) ওপিওড মাদকের সংস্পর্শে আসার পর এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই ঘটনাকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটিতে তল্লাশি চালাতে গিয়ে আরও মাদক উদ্ধার করেছে পুলিশ। নিউ ইয়র্কের পুলিশ বিভাগের প্রকাশিত ছবিতে বাদামি ও সাদা রঙের পাউডারভর্তি বেশ কিছু ব্যাগ দেখা গেছে। পুলিশ বলেছে, এ ঘটনায় তদন্ত চলছে। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক নগরের ব্রঙ্কসে ডিভিনো নিনো দিবাযত্ন কেন্দ্রে এক বছর বয়সী একটি শিশুর মৃত্যু হয়। পুলিশ বলছে, দিবাযত্ন কেন্দ্রটিতে বাচ্চাদের শোয়ার ঘরের একটি মাদুরের নিচে ফেন্টানিল লুকিয়ে রাখা ছিল। সেখানে ঘুমাচ্ছিল শিশুটি। নিকোলাস ডমিনিচি নামের শিশুটিকে মৃত্যুর মাত্র এক সপ্তাহ আগে ওই দিবাযত্ন কেন্দ্রে ভর্তি করা হয়েছিল। শক্তিশালী এ মাদকের সংস্পর্শে আসার পর অসুস্থ হয়ে পড়া আরও তিন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থ হয়ে পড়া এক শিশুর প্রস্রাবের নমুনায় এ মাদকের উপস্থিতি পাওয়া গেছে।

বাস্তবতা বলছে শিশু দিবাযত্ন কেন্দ্রে বিপুল মাদকের উপস্থিতি যুক্তরাষ্ট্রে মাত্রাতিরিক্ত মাদকে ছেয়ে যাওয়ার খণ্ড চিত্র। দেশটির গণ্ডি ছাড়িয়ে মার্কিনিরা মাদক নিয়ে যাচ্ছে সুদূর এশিয়াতেও। দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটিতে তল্লাশি চালায় দেশটির পুলিশ। যুক্তরাষ্ট্রের ১৭ সেনা ও পাঁচ ব্যক্তির বিরুদ্ধে মাদক মামলা তদন্তের অংশ হিসেবে গত বৃহস্পতিবার এই অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ২২ সন্দেহভাজনের কাছ থেকে ৭৭ গ্রাম সিনথেটিক গাঁজা, ভেপের জন্য ব্যবহৃত চার কেজি ‘মিশ্র তরল উদ্ধার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত