উত্তরা ইপিজেডে চীনা কোম্পানির বিনিয়োগ

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৪ এএম

চীনা প্রতিষ্ঠান মেসার্স বাংলাদেশ বয়াং টেক্সটাইল কোম্পানি লিমিটেড ২ কোটি ৩১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার বিনিয়োগে উত্তরা ইপিজেডে একটি টেক্সটাইল ও হোম টেক্সটাইল প্রস্তুতকারী কারখানা স্থাপন করতে যাচ্ছে। এ লক্ষ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) প্রতিষ্ঠানটির সঙ্গে গতকাল বেপজা কমপ্লেক্সে একটি চুক্তি স্বাক্ষর করে। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ছিলেন। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং বাংলাদেশ বয়াং টেক্সটাইল কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মি. পেং লিও নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন এ কারখানায় ১ হাজার ৯৯৩ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বাংলাদেশ বয়াং টেক্সটাইল কোম্পানি বার্ষিক ৫ কোটি মিটার লিনেন বা কটন ওভেন ও ডেনিম ফেব্রিকস এবং ৩০ লাখ পিস হোম টেক্সটাইল যেমন বালিশের কভার, বেডশিট ও টেবিল ক্লথস উৎপাদন করবে।

অন্যান্যের মধ্যে বেপজার সদস্য মোহাম্মদ ফারুক আলম, সদস্য নাফিসা বানু, নির্বাহী পরিচালক নাজমা বিন্তে আলমগীর এবং নির্বাহী পরিচালক মো. তানভীর হোসেন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, উত্তরা ইপিজেড উত্তরাঞ্চলের জীবনযাত্রা পরিবর্তনের এক উজ্জ্বল দৃষ্টান্ত। ২০০১ সালে উত্তরা ইপিজেড প্রতিষ্ঠার পর একসময়ের দারিদ্র্যপীড়িত এই এলাকা একটি শিল্পোন্নত এলাকায় পরিণত হয়। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত