দ্রুত সময়ে পণ্য পরিবহন ও পরিবহন খরচ কমানোর লক্ষ্যে কলকাতা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে সাইফ পাওয়ারটেক লিমিটেড। গতকাল সোমবার কলকাতা বন্দরের মুখপাত্র রথেন্দ্র রমনের সভাপতিত্বে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন কলকাতার শ্যামা প্রসাদ মুখার্জি পোর্টের ট্রাফিক ম্যানেজার আরএস রাজহাঁস ও সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন।
সমঝোতা স্মারকে দ্রুত সময়ে পণ্য পরিবহনের বিভিন্ন বিষয় উল্লেখ করা হয়েছে। কলকাতা থেকে আগরতলার দূরত্ব শিলিগুড়ি হয়ে প্রায় ১ হাজার ৬১৯ কিলোমিটার হলেও চট্টগ্রাম বন্দর হয়ে প্রবেশ করলে সে দূরত্ব নেমে আসে ৫৭৫ কিলোমিটারে। এ ছাড়াও ট্রাকে শিলিগুড়ি হয়ে কলকাতা থেকে আগরতলা অতিক্রম করতে ছয় থেকে সাত দিন সময় লাগে কিন্তু চট্টগ্রামে বন্দর হয়ে শ্যামা প্রসাদ মুখার্জি বন্দর কলকাতা থেকে মাত্র চার দিন সময় লাগবে।
