নিভল ভুবনের আলো

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:০২ এএম

মায়ের সঙ্গে বাবার জন্য অপেক্ষায় ছিল ভূমিকা চন্দ্র শীল। বাবা সুস্থ হয়ে উঠবে, ভারতের মায়াপুর, দক্ষিণেশ্বর ও দার্জিলিং গিয়ে কী কী করবে সেসব পরিকল্পনা আরেকটু গুছিয়ে নেবে এমন আশায় বুক বেঁধেছিল। কিন্তু একদিন-দুদিন করে পুরো ছয় দিন কেটে যাওয়ার পরও বাবা ফিরে তাকাল না, পা বাড়াল অনন্ত যাত্রায়। বাবার ফিরে আসার অপেক্ষা যেন আর শেষ হলো না।

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় গত ১৮ সেপ্টেম্বর রাতে এক শীর্ষ সন্ত্রাসীকে লক্ষ্য করে প্রতিপক্ষ আরেক শীর্ষ সন্ত্রাসীর অনুগতদের ছোড়া এলোপাতাড়ি গুলিতে মাথায় গুলিবিদ্ধ হন মোটরসাইকেল আরোহী আইনজীবী ভুবন চন্দ্র শীল। টানা সাত দিন চিকিৎসাধীন থেকে গতকাল সোমবার সকাল পৌনে ১১টার দিকে মারা গেছেন তিনি। ভুবন চন্দ্র গোমতী টেক্সটাইলের লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে কর্মরত ছিলেন। মতিঝিলের আরামবাগ এলাকার একটি মেসে ভাড়া থাকতেন। একমাত্র মেয়েকে নিয়ে তার স্ত্রী থাকেন গ্রামের বাড়িতে। মেয়ে এ বছর এসএসসি পাস করে নোয়াখালী মহিলা কলেজে ভর্তি হয়েছে। ভুবনের মৃত্যুর খবরে কান্না আর বুকফাটা আহাজারি শুরু করে তার স্ত্রী ও মেয়ে। বাবা নেই, এটি যেন বিশ্বাসই করতে পারছে না ভুবনের মেয়ে ভূমিকা। রাজধানীর পপুলার হাসপাতালে তার সঙ্গে কথা বলার সময় শুধু বাবার স্মৃতিচারণ করছিল। বলল, ‘বাবার স্বপ্ন ছিল আমি ডাক্তার হব। কিন্তু আমি ডাক্তার হতে চাই না। ব্যবসায়ী হতে চাই। বাবাও মেয়ের ইচ্ছাকেই মেনে নিয়ে বলেছিলেন, “তোমার যেটা ভালো লাগে সেটাই করো”।’

ভূমিকা বলে, ‘আমি ব্যবসা করব, এ নিয়ে বাবার সঙ্গে অনেক পরিকল্পনা হতো। শাড়ির ব্যবসা করা যায় কি না, এ নিয়ে যে কত গল্প হতো বাবার সঙ্গে।’

প্রয়াত ভুবনের মেয়ে বিলাপ করে বলতে থাকে, ‘আমি খাসির মাংস খেতে পছন্দ করি। তাই বাবা যখনই খাসির মাংস খেতেন, আমাকে ফোন করে বলতেন, মা তোকে রেখেই আজ মাটন খেয়েছি। তখন আমি বলতাম, তুমি আমাকে রেখে কেন মাটন খেলে? আমি এখন বাবাকে রেখে কীভাবে মাটন খাব?’

এ সময় ভূমিকার মা রতœা বলেন, ‘অফিসে থাকতেই উনি (ভুবন) আমাকে ভিডিও কল দিয়ে বলেন, আমার মেয়েকে দেখাও। আমি বলি, তোমার মেয়ে ঘুমাচ্ছে। এখন কীভাবে দেখাব। মেয়ে সারাদিন কোচিং করে টায়ার্ড; তাই ঘুমিয়ে পড়ছে। তখন উনি বলেন, রাত ১০টার পর কল দেব তখন কিন্তু আমি আমার মেয়ের সঙ্গেই কথা বলব। তোমার সঙ্গে কথা বলব না। এগুলো তার সর্বশেষ কথা ছিল। বলেছিল কিছুক্ষণ পরেই অফিস থেকে বের হবেন।’

ভুবনের স্ত্রী বলেন, ‘আহা, শেষবারের মতো মেয়েকে ভিডিও কলে দেখতে চেয়েছিলেন ভুবন। সেদিন যদি একটু দেখাতাম তাহলে হয়তো তার শেষ ইচ্ছাটা পূর্ণ হতো। মেয়েও বাবার সঙ্গে শেষবার কথা বলতে পারত।’

তিনি বলেন, ‘বাবার সঙ্গে তীর্থস্থান ঘুরতে যাওয়া হলো না মেয়েটার।’ ভূমিকা তখন মাকে বারবার বলছিল, ‘আমরা ঘুরতে যাব, বাবার আত্মা সবসময় আমাদের সঙ্গে থাকবে।’ রতœা জানান, তিনি শারীরিকভাবে অসুস্থ। চিকিৎসার জন্য ৩০ সেপ্টেম্বর ভারতের চেন্নাইয়ে যাওয়ার কথা ছিল। এক সপ্তাহ চিকিৎসার জন্য চেন্নাই থেকে বিভিন্ন তীর্থস্থানে ঘুরতে যাওয়ার পরিকল্পনা ছিল। তিনি বলেন, ‘বাবার হাত ধরে তীর্থস্থানে মেয়েকে নিয়ে ঘুরবে, এ নিয়ে নানা পরিকল্পনা ছিল ভুবনের। প্রতিদিন ফোনে মেয়ের সঙ্গে এ নিয়ে কথা বলতেন তিনি। মেয়ে বাবার হাত ধরে ঘুরতে পারবে না, এটা যে কত কষ্টের, বোঝানো সম্ভব নয়।’

স্বামী হত্যার বিচার দাবি করে রতœা রানী শীল বলেন, ‘কে গুলি করেছে, জানি না। আমার স্বামী তো চলেই গেল। যারা গুলি করেছে, তাদের বিচারটা যেন হয়। একটাই চাওয়া, এভাবে আর কোনো সন্তানের বাবাকে যেন এত তাড়াতাড়ি পৃথিবী ছেড়ে যেতে না হয়। আমার মেয়েটা বাবাকে ছাড়া কিছু বুঝত না। আজ তার বাবা নীরবে চলে গেল। আমার মেয়েটা এত অভাগা, তার ছোট ছোট স্বপ্নও আর পূরণ হলো না।’

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ১৮ সেপ্টেম্বর রাত ১০টার দিকে প্রাইভেট কারের আরোহী শীর্ষ সন্ত্রাসী তারিক সাইদ মামুনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় একদল সন্ত্রাসী। সেই গুলি লেগেছিল পাশে পথ দিয়ে যাওয়া মোটরসাইকেল আরোহী ভুবন চন্দ্র শীলের মাথায়। কাজ শেষে তিনি গুলশানের অফিস থেকে ভাড়ার মোটরসাইকেলে মতিঝিলের আরামবাগের বাসায় ফিরছিলেন। তাৎক্ষণিক তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পরে ওই রাতেই তাকে ধানম-ির পপুলার হাসপাতালে স্থানান্তর করা হয়। গত শনিবার ভুবনের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। গতকাল সকাল ১০টা ৩৫ মিনিটে তিনি মারা যান। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাতেই ভুবনের লাশ তার গ্রামের বাড়ি ফেনীর ফুলগাজীতে নেওয়া হয় বলে জানা গেছে।

হামলাকারী একজন গ্রেপ্তার : যাদের ছোড়া গুলি ভুবনের মাথায় লেগেছে তাদের একজনকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) আজিমুল হক। তিনি বলেন, ‘যারা গুলি করেছে তাদের একজনকে আমরা গ্রেপ্তার করেছি। কাল (মঙ্গলবার) তার নাম-পরিচয়সহ বিস্তারিত জানানো হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত